নাজিরপুরে অতিরিক্ত যাত্রী নিয়ে ডুবল ট্রলার, আহত ৭
পিরোজপুরের নাজিরপুর উপজেলার তালতলা নদীতে গতকাল রোববার সকালে প্রায় ১৯০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় নার্গিস আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টায় দিকে তালতলা নদীর দীর্ঘা খেয়াঘাট থেকে আবদুস সালাম ফকিরের ট্রলারটি ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে বেদারখাল ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। অধিক যাত্রী থাকায় ট্রলারটি ঘাট ছাড়ার পরপরই ডুবে যায়। এ সময় যাত্রীরা নদীতে ঝাঁপ দিলে একটি ট্রলার ও কয়েকটি নৌকা গিয়ে তাঁদের উদ্ধার করে।
পাকুরিয়া গ্রামের জাহিদুল ইসলাম বলেন, প্রতিদিন দীর্ঘা খেয়াঘাট দিয়ে দেউলবাড়ী, দোবড়া, পাকুরিয়া, দীর্ঘা ও কলারদোয়ানী গ্রামসহ পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। প্রতিটি ট্রলারে ৮০ থেকে ৯০ জনের ধারণক্ষমতা থাকলেও ট্রলারগুলো সব সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করে খেয়া পারাপার করছে।
উপজেলার ঘোষকাঠী গ্রামের এইচএসসি পরীক্ষার্থী সীমা মালি বলে, ট্রলারে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী ছিল। চার থেকে পাঁচজনের পরীক্ষার প্রবেশপত্র নদীতে ভেসে যায়। পরে নৌকা নিয়ে প্রবেশপত্র তুলে পরীক্ষার্থীরা অনেক বিলম্বে নাজিরপুরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়।