নাজিরপুরে খালে বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গাওখালী গ্রামের লেবারের খালের বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। গতকাল শুক্রবার সকাল ১০টায় খালসংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়। দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গাওখালী গ্রামের বাসিন্দা এনজিওকর্মী জাফর ইকবাল বলেন, ৫০ বছরের পুরোনো এ খালের দুই পারে কয়েক হাজার মানুষের বসবাস। গ্রামবাসীর নৌপথে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে খালটি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নিরঞ্জন বালার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি এক বছর আগে খালটিতে বাঁধ দেয়। তখন বোরো আবাদের জন্য খালে বাঁধটি দেওয়া হলেও পরে সেটি অপসারণ না করায় বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।
একই গ্রামের কৃষক নিকুঞ্জ সুতার বলেন, লেবারের খালে বাঁধ দেওয়ায় হাট-বাজারে যেতে তিন কিলেমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। এ ছাড়া বাঁধের ভেতরের পানি নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরিভিত্তিতে বাঁধটি অপসারণ করা না হলে পানির জন্য সারা গ্রামে হাহাকার দেখা দেবে।
ইউপি সদস্য নিরঞ্জন বালা বলেন, এলাকাটি নিচু হওয়ায় বোরো আবাদের সময় জলাবদ্ধতা ঠেকাতে এলাকাবাসীর স্বার্থেই খালে বাঁধ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।’