নাজিরপুরে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, উচ্চ আদালতে একটি রিট পিটিশনের আদেশ এবং লিভ টু আপিলের আদেশের ফলে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। ইউএনও মো. তবিবুর রহমান চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে পিরোজপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। কারাগারে থেকে তিনি ওই নির্বাচনে অংশ নেন। গত ২৯ মার্চ নজরুল ইসলাম খান গ্রেপ্তার হন। একটি মামলায় তাঁর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হলে ১৩ এপ্রিল তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে সরকার। গত ৮ জুন বরিশাল কারাগার থেকে মুক্তির পর কারা ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বরিশাল কারাগারে বন্দী আছেন।