নাজিরপুরে ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় শামসুল হকের বড় ভাই মঞ্জুল হক বাদী হয়ে রঘুনাথপুর গ্রামের যুবলীগ কর্মী মোয়াজ্জেম শিকদারকে প্রধান আসামি করে মামলাটি করেন।
শামসুল হক উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল বারীর ছেলে। তিনি শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলামের ভাগনে।
শামসুল হকের মামা বিএনপির চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘মামলা করার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামিপক্ষের লোকজন আমাদের হুমকি দিচ্ছেন।’
মামলার তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আসামিপক্ষের লোকজন নিহত ব্যক্তির স্বজনদের হুমকি দেওয়ার ব্যাপারে তাঁরা আমাদের কাছে কোনো অভিযোগ করেননি।’
গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নাজিরপুরে নিহত ১, বাউফলে উপজেলা চেয়ারম্যান জখম’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।