নাজিরপুরে ছিনতাই হওয়া ব্যালট উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ২২ মার্চ রাতে ছিনতাই হওয়া ব্যালট উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ওই ব্যালট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২২ মার্চ রাতে ওই কেন্দ্রে ভোট গণনার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও শাখারিকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেনের ছোট ভাই আবু রাসেলের নেতৃত্বে কয়েক শ লোক ভোটকেন্দ্রে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে মারধর করে ব্যালট-ভর্তি বাক্স ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় ওই রাতে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল গফফার বাদী হয়ে আবু রাসেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০০ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।