নাজিরপুরে নিহত ১, বাউফলে উপজেলা চেয়ারম্যান জখম
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বিএনপির এক চেয়ারম্যান পদপ্রার্থীর ভাগনে ছাত্রদল নেতা শামসুল হক (২৮)। পাল্টা হামলায় আওয়ামী লীগের তিন কর্মী আহত হন। পটুয়াখালীর বাউফলে মঙ্গলবার বিকেলে প্রার্থীদের এক সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সামনেই হামলায় আহত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ তিনজন।
এ ছাড়া বরিশাল, ভোলা, খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩৮ জন। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর ও নির্বাচনী কার্যালয়।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুর: নিহত শামসুল হক নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকছিলেন। তিনি স্থানীয় শেখমাটিয়া ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী
তৌহিদুল ইসলামের ভাগনে।
পুলিশ, বিএনপি ও পারিবারিক সূত্র বলেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে শামসুল হক ও শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলামকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেদের বাড়ি ফিরছিলেন। এ সময় রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে দুজনকে রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের প্রার্থী এস এম কাইউম উজ জামানের সমর্থকেরা। প্রথমে তাঁদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই শামসুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত একটার দিকে তিনি মারা যান।
হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী কাইউম বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো লোক জড়িত নয়।’
এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে হুলারচর এলাকায় বিএনপির প্রার্থী তৌহিদুলের সমর্থকেরা হামলায় আওয়ামী লীগের প্রার্থী কাইউমের তিন কর্মীকে হাতুড়িপেটা করে এবং কুপিয়ে জখম করে বলে অভিযোগ উঠেছে। আহত নুরু মুন্সি (৩২), জাহিদ হাওলাদার (৩০) ও ফাইজুল ইসলামকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে গত মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিপক্ষের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমানসহ তিনজন আহত হন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার ১১টি ইউপির চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের নিয়ে এ সভা ডাকা হয়। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী ও পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুরকে কটাক্ষ করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করেন ইব্রাহিম ফারুকের নেতৃত্বে কয়েকজন। মজিবুরকে রক্ষায় এগিয়ে এলে মারধরের শিকার হন দাশপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান এন এন জাহাঙ্গীর হোসেন এবং নওমালা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাদা হাওলাদার। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে মজিবুরকে অচেতন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তচাপ সৃষ্টি হওয়ায় মজিবুর রহমানকে রাতেই ওই হাসপাতালে পাঠানো হয়।
হামলার বিষয়টি অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা ইব্রাহিম ফারুক। তিনি বলেন, ‘উন্মুক্ত সভায় কে বা কারা হামলা করেছে, তা আমি জানি না।’
জেলা প্রশাসক শামীমুল হক বলেন, সভায় দুই পক্ষ উত্তেজিত থাকায় সভা শেষ হওয়ার আগেই তা স্থগিত করা হয়েছে। তবে সভা চলাকালে কোনো মারামারি হয়নি।
সিলেট: সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসেন বলেন, ১০-১২ জন বন্দুকধারী গত মঙ্গলবার মধ্যরাতে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে গুলিবর্ষণ করে চলে যায়। এ সময় কার্যালয়ে কেউ ছিল না। মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, রাতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি গুলি উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করে দেখছেন তাঁরা।
বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী এস এম কাইউম খান বলেন, মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের আলম মার্কেট, দেউলি দিঘিরপাড় এবং খয়রাবাদ বাজারে লাঙ্গল প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও লুটপাট হয়েছে। এদিকে উপজেলার ভরপাশা ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. হারুন সিকদার অভিযোগ করেন, রাত আটটার দিকে ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে তাঁদের উঠান বৈঠকে যুবলীগের সন্ত্রাসীদের হামলায় ছয়-সাতজন আহত হয়েছে।
গৌরনদী(বরিশাল): গৌরনদীর বাটাজোড় ইউনিয়নে বিএনপির প্রার্থী আকতার হোসেন অভিযোগ করেন, গতকাল লক্ষ্মণকাঠি, চন্দ্রহার ও হরহর গ্রামে পোস্টার লাগাতে গেলে তাঁর তিন কর্মীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রব হাওলাদারের লোকজন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আবদুর রব। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নে বিএনপির প্রার্থী ফিরোজ হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলামের সমর্থকেরা গতকাল নতুন বাজারে পাল্টাপাল্টি মিছিল বের করে। একপর্যায়ে শহিদুলের সমর্থকদের হামলায় মোজাম্মেল হোসেন, এস এম শাহিন, আসাদুল গোমস্তা, আনোয়ার ঘরামীসহ ফিরোজের সাত সমর্থক আহত হন।
ভোলা: সদর উপজেলার বাপ্তা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বলেন, গতকাল ভোররাতে তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে গুলি ও বোমা ফাটিয়ে পালিয়ে যায় তারা। এ ছাড়া লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন শিকদার অভিযোগ করেন, তাঁর পাঁচ কর্মী চৌমুহনী বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফার কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন।
খুলনা: দিঘলিয়া উপজেলার স্টার জুট মিল এলাকায় গতকাল সেনহাটি ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুর রকিব মল্লিকের গণসংযোগে হামলা হয়। এতে রকিবসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রকিব মল্লিকের ছোট ভাই সেলিম মল্লিক ও সিদ্দিক নামের আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা: সদর উপজেলার বৈকারী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রউফের ১০ সমর্থকের ঘরবাড়িতে গত সোমবার ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আবদুর রউফের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী মো. আসাদুজ্জামানের সমর্থকেরা এতে জড়িত। তবে আসাদুজ্জামান তা অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির শিবচন্দ্রপুর বাজারে গতকাল বিদ্রোহী প্রার্থী মো. শাহাজাহান সিরাজের সমর্থকদের মাইকে প্রচারে বাধা দেয় আওয়ামী লীগের প্রার্থী জি এম রেজাউল করিমের সমর্থকেরা। এ নিয়ে সংঘর্ষের সময় দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন মিলন হোসেন, ইসরাফিল হোসেন, দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, লিয়াকত হোসেন ও মো. শাহাজাহান নামের ছয়জন।