নাজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় গতকাল বুধবার ওই নারীর বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন৷ একই দিন দুপুরে এজাহারভুক্ত আসামি মিলন মোল্লাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ৷
পুলিশ, মামলার এজাহার ও পরিবারের লোকজন জানান, উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের জামাল শেখ (২৯) পাশের গ্রামের ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন৷ গত শনিবার সন্ধ্যায় জামাল ওই নারীকে তাঁর মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে উপজেলার হরিপাগলা গ্রামের এক বাড়িতে ধর্ষণ করেন৷ পরে রাতে জামালের তিন সহযোগী হরিপাগলা গ্রামের মিলন মোল্লা (২৪), টুটুল সমদ্দার (৩০) ও বাদশা মোল্লা (৩০) ওই নারীকে ধর্ষণ করেন৷ ভোরে স্থানীয় লোকজন মাছের ঘের থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন৷
ওই নারীর বাবা বলেন, ‘ঘটনাটি আমি সাবেক ইউপি সদস্য মোতাহার মোল্লাকে জানালে তিনি সালিস করার নামে সময়ক্ষেপণ করেন৷ পরে বিচার না পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন৷’
নাজিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোতাহার মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটির বাবা আমাকে মঙ্গলবার ঘটনাটি জানালে আমি তাঁকে মামলা করতে বলি৷’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷