নাজিরপুরে ৩১২টি গাছ হত্যার আয়োজন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়নের কথা বলে ৩১২টি গাছ হত্যার আয়োজন চলছে৷ বিক্রির জন্য সম্প্রতি গাছগুলোর ছাল তুলে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীরামকাঠি থেকে চৌঠাইমহল পর্যন্ত চার কিলোমিটার সড়কের দুই পাশের ৩১২টি মেহগনি ও চাম্বল গাছ বিক্রির উদ্যোগ নিয়েছেন শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বেপারি৷ দরপত্রের মাধ্যমে গাছ বিক্রির জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন৷
শ্রীরামকাঠি গ্রামের মাইনুল ইসলাম (৫০) বলেন, ১৯৮৬ সালে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার গাছগুলো রোপণ করেছিলেন৷ সড়কটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত হওয়ায় এ গাছের মালিকানা জেলা প্রশাসনের৷ অথচ ইউপি চেয়ারম্যান কাগজপত্র তৈরি করে তিন কোটি টাকা মূল্যের গাছগুলো তাঁর পরিষদের দাবি করে বিক্রি করতে চাইছেন৷
জয়পুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হান্নান মাঝি বলেন, ‘গাছগুলো আমাদের ছায়া দিচ্ছে৷ পরিবেশের ভারসাম্য রক্ষা করছে৷ এতে প্রচুর পাখি বাস করে৷ গাছগুলো কাটা হলে পাখিরা আবাসস্থল হারাবে৷ পরিবেশের বিপর্যয় ঘটবে৷’
যোগাযোগ করা হলে চেয়ারম্যান এম এ মালেক বেপারি দাবি করেন, ‘গাছগুলো ইউনিয়ন পরিষদের টাকায় লাগানো৷ গাছ বিক্রির টাকা দিয়ে ইউনিয়নের উন্নয়ন করা হবে৷’
নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার বলেন, ‘মালেক বেপারি দুই বছর ধরে গাছগুলো বিক্রির পাঁয়তারা করছেন৷ মাটি খুঁড়ে গাছগুলো কাটা হলে সড়কটি ক্ষতিগ্রস্ত হবে৷ সড়কের পাশেই অবস্থিত খালের পাড় ভেঙে যাবে৷ এ কারণে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকার সময় গাছ বিক্রির বিরোধিতা করেছিলাম৷ এ ছাড়া উপকূলীয় এলাকায় প্রয়োজন ছাড়া গাছ না-কাটার জন্য সরকারের নির্দেশ রয়েছে৷’
উপজেলা বন কর্মকর্তা নির্মল দত্ত জানান, বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১১-এর ৫ (১) বিধিতে বলা হয়েছে, ‘বন বিভাগের আওতাধীন নয়, এমন যেকোনো সরকারি মালিকানাধীন গাছ কাটতে হলে বিভাগীয় বন কর্মকর্তার কাছে ফরম ৩-এ আবেদন করতে হবে৷ এরপর আবেদন যাচাই-বাছাই করে বন কর্মকর্তার অনুমোদনের পর বিধি অনুযায়ী দরপত্রের মাধ্যমে গাছ কাটা যাবে৷ গাছে নম্বর দেওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না৷’
ইউএনও মৃণাল কান্তি দে বলেন, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ ৩১২টি গাছের মালিকানা দাবি করে বিক্রির জন্য আমার কাছে লিখিত আবেদন করেছে৷ নিয়ম হলো, গাছ কাটার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে৷ এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ উপজেলা বন ও পরিবেশ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে৷