নাজিরপুরের গ্রাম আদালত উপজেলায় অনুকরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর বয়সে বিয়ে হয় সালমার। এখন বয়স ১৬। কোলে দেড় বছরের সন্তান। সালমার স্থান এখন মায়ের সংসারে। হয়রানি আর আর্থিক অনটনের কারণে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেনি। পরে ইউনিয়ন পরিষদে (ইউপি) বিচার চায় সে। গ্রাম আদালতে অভিযোগটির নিষ্পত্তি হয়।
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গ্রাম আদালতে গত ৬ জানুয়ারি সালমার অভিযোগের নিষ্পত্তি হয়।
এই গ্রাম আদালতে সালমার মতো শত শত অসহায় মানুষের অভিযোগের নিষ্পত্তি হচ্ছে। এতে কমছে আদালতে বা থানায় মামলা করা নিয়ে দালালদের দৌরাত্ম্য। সাশ্রয় হচ্ছে অর্থ ও সময়। নাজিরপুরের মতো উপজেলার মশিন্দা, খুবজীপুর, বিয়াঘাট, চাপিলা ও ধারাবারিষা ইউনিয়নেও চলছে গ্রাম আদালতের কার্যক্রম।
তবে নাজিরপুর গ্রাম আদালতের কার্যক্রম চলে বিচারিক আদালতের আদলে। এই গ্রাম আদালত পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে। চেয়ারম্যান হলেন বিচারক, সচিব পেশকার, পিয়ন তামিলকারক, একজন মেম্বার ও এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এই আদালতের কার্যক্রম।
নাজিরপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, নারী নির্যাতন, যৌতুক, খোরপোশ, মোহরানা, পারিবারিক কলহ, মারামারি, জমিজমাসংক্রান্ত বিরোধ, মসজিদ-মাদ্রাসার বিরোধসহ নানা রকম অভিযোগ গ্রাম আদালতে নিষ্পত্তি করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ সদস্যের কমিটির বাইরেও দুই পক্ষের তিনজনকে নিয়ে আরেকটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
ইউপি সচিব বলেন, গত দুই বছরে দেড় শতাধিক মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বিচারিক আদালত থেকে পাঠানো অন্তত ৩০টি মামলা নিষ্পত্তি করে পাঠানো হয়েছে। এখানে সপ্তাহে পাঁচ থেকে আটটি মামলার নিষ্পত্তি হয়। বর্তমানে ২০টি মামলা চলমান রয়েছে। নারীসংক্রান্ত মামলা বেশি থাকে বলে জানান তিনি।
চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, কাজের স্বীকৃতি হিসেবে তিনি দানবীর হাজী মুহম্মদ মুহসীন স্বর্ণপদক, স্থানীয় সরকার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চান।
বিচারপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, একটি মারামারির মামলায় তিনি থানায় মামলা করেছিলেন। প্রায় ৬০ হাজার টাকা খরচ করেও ন্যায়বিচার পাননি। পরে নাজিরপুর গ্রাম আদালতে বিচার দিয়ে ন্যায়বিচার পান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, গ্রাম আদালত সক্রিয় থাকায় তৃণমূলের ছোটখাটো ঘটনায় মামলা হওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে। এটা ইতিবাচক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার বলেন, তাঁর উপজেলার সব ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম রয়েছে। তবে নাজিরপুর গ্রাম আদালতের কার্যক্রম অনুকরণীয়।