নাজিরহাট-কাজীরহাট সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট থেকে কাজীরহাট পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের ফলে লক্ষাধিক মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব ভাঙন দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, নাজিরহাট কলেজ গেট, সুয়াবিল, টেকের দোকান, হারুয়ালছড়ি, নয়াহাট, পাট্টাইল্যারকুল সুন্দরপুর, ভূজপুর, কাজীরহাটসহ বিভিন্ন এলাকায় সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ জায়গায় পিচ উঠে গিয়ে ইট-সুরকি দেখা যাচ্ছে। সড়কের হারুয়ালছড়ি এলাকায় ফটিকছড়ি খালসংলগ্ন ১৫০ ফুট সড়ক ভেঙে গেছে। স্থানীয় লোকজন কোনোমতে চলাচলের উপযোগী করে তুলছেন সড়কটি।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল করিম বলেন, দুই দিন আগে হারুয়ালছড়ি এলাকায় গর্তে পড়ে তাঁর গাড়ির বেশ ক্ষতি হয়।
নাজিরহাট বাজারের ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, বর্ষার শুরু থেকেই সড়কের বিভিন্ন স্থানে পিচ, পাথর, ইট উঠে যেতে থাকে। ঢলের পানি রাস্তায় গড়িয়ে যাওয়ার পর কোথাও কোথাও সাত-আট ইঞ্চি গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
এলজিইডির ফটিকছড়ি কার্যালয় সূত্র জানায়, ২০০৯ সালে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হয়। এর পর থেকে সড়কের আর কোনো সংস্কার করা হয়নি।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও সুয়াবিল ইউপির চেয়ারম্যান আবু তালেব বলেন, সড়কটি দিয়ে পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হওয়ায় লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো সড়কে ভাঙন দেখা দিয়েছে। হারুয়ালছড়ি অংশে প্রায় দেড় শ ফুট সড়ক ভেঙে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।