চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপজেলার সুয়াবিল, হারুয়ালছড়ি, সুন্দরপুরসহ কয়েকটি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি হালদায় বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে ১৬ কিলোমিটার দীর্ঘ নাজিরহাট-কাজীরহাট সড়কের হালদা নদীসংলগ্ন এক কিলোমিটার অংশ ঝুঁকির মধ্যে রয়েছে।স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরহাট শিশু সোপানের অধ্যক্ষ এস এম টিপু চৌধুরী বলেন, আর কয়েক হাত ভাঙলেই নাজিরহাট-কাজীরহাট সড়কের কিছু অংশ পুরোপুরি নদীতে বিলীন হয়ে যাবে। এতে উপজেলার সঙ্গে উত্তর ফটিকছড়ির পাঁচ-ছয়টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।নাজিরহাট ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুর রহমান বলেছে, যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়বে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজিরহাট ডিগ্রি কলেজসংলগ্ন নাজিরহাট-কাজীরহাট সড়ক খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, হালদার ভাঙনের কারণে এলাকার অনেকে সহায়সম্পত্তি হারিয়েছেন। নাজিরহাট-কাজীরহাট সড়কের একটি অংশ যেকোনো দিন নদীতে বিলীন হয়ে যেতে পারে। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ভাঙনের ঝুঁকিতে পড়া সড়কটি শিগগিরই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফ জামান বলেন, উপজেলার অনেক এলাকা ভাঙনকবলিত হিসেবে চিহ্নিত। তহবিলের অভাবে কাজ হচ্ছে না। তহবিল পেলে দ্রুত কাজ করা হবে।