নাজুক বদন-পাতলা খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তার ‘নাজুক বদন’। তার পাশেই ছিল ‘পাতলা খান’। নাজুক বদনের আদি নিবাস উত্তর ভারতে, আর পাতলা খানের জন্ম রাজশাহী অঞ্চলে। গতকাল শুক্রবার ছুটির দিনে তাদের দেখা পাওয়া গেল ঢাকায়। চমক জাগানো এই নামগুলো আমের। তেজগাঁওয়ের এসিআই ভবনে ১০৮ জাতের আম নিয়ে আয়োজন করা হয়েছিল এক দিনের উৎসবের।
রাজশাহী জেলা সমিতির এসিআই এগ্রিবিজনেসের পৃষ্ঠপোষকতায় এই আম উৎসবের আয়োজন করে। এসিআই ভবন প্রাঙ্গণের সমানে টেবিল পেতে সারি করে রাখা হয়েছিল রাজশাহী, বাঘা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর অঞ্চল থেকে সংগ্রহ করা বিচিত্র জাতের আম। প্রতিটি জাতের আমের সঙ্গে এর নাম দেওয়া ছিল। আর সংক্ষিপ্ত পরিচিতিও দেওয়া হয়েছিল কিছু কিছু জাতের। দর্শক কৌতূহল নিয়ে গ্রীষ্মের এই অন্যতম প্রধান জনপ্রিয় ফলটি দেখেছে।
নাজুক বদন নামের আমটি আকারে তেমন বড় নয়। তবে স্বাদে অনন্য। উত্তর ভারতের এই আমটি বাংলাদেশে বিরল। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শৌখিন আমচাষি তাঁদের বাগানে এই জাতটি রোপণ করেছেন বলে জানালেন হেরিটেজ রাজশাহীর সভাপতি আম গবেষক মাহবুব সিদ্দিকী। প্রদর্শনীর ব্যবস্থাপনা ও আমগুলো সংগ্রহ করেছেন তিনি। আমের এখন ভরা মৌসুম। হিমসাগর, ল্যাংড়া, ক্ষীরশাপাতি, গোপালভোগ, লক্ষ্মণভোগ, আম্রপালি, মল্লিকা, হাঁড়িভাঙা, ফজলিসহ হরেক জাতের আম উঠেছে বাজারে। রাজধানীর ক্রেতাদের কাছে সাধারণত আমের এই জাতগুলোই বেশি পরিচিত। অন্য আম তেমন পরিচিত নয়। বিচিত্র জাতের আমের সঙ্গে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানালেন মাহবুব সিদ্দিকী। তাঁর মতে, দেশে আমের জাতের সংখ্যা প্রায় ৫০০। এর মধ্যে মোটামুটি ২০০ জাতের আম কমবেশি পাওয়া যায়। অন্যগুলো দুর্লভ।
আয়োজনটি ছিল মূলত আমন্ত্রিত অতিথিদের জন্য। এতে আম বিক্রির ব্যবস্থা ছিল না। তবে ব্যবস্থা ছিল আমের স্বাদ গ্রহণের। প্রদর্শনীর সবচেয়ে বড় আকারের আমটি ছিল কুমড়া জালি। এর ওজন এক কেজি। এ ছাড়া দুর্লভ জাতের মধ্যে ছিল লম্বা গড়নের পাতলা খান, তোতা ফজলি, পদ্মমধু, আনোয়ার রাতাউল, আলফানসো, হায়াতী, রামপ্রসাদী, চন্দকী, বৃন্দাবনি, কালাপাহাড়, কপূর্রা, বউ ভুলানি, চকচকা, রুবী, লাড়ু, কাঁচামিঠা ইত্যাদি। ল্যাংড়া ও ফজলির ছিল বেশ কয়েক জাত।
প্রদর্শনীতে আম দেখতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৈয়দ ইমদাদ হোসেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি বললেন, ঢাকার বাজারে যেসব আম সাধারণত আসে, এর বাইরেও অনেক জাতের আম তাঁদের অঞ্চলে আছে। অনেক দিন পরে সেই আমগুলোর দেখা পেয়ে বেশ ভালো লেগেছে বলে জানালেন তিনি।