নাটক, খেলা আর ছবি দেখে ইংরেজি শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইংরেজি নিয়ে আমার ভয় কেটে গেছে। এখন মনে হচ্ছে, খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারব। এত দিন শুধু শুধুই ভয় পেয়েছি।’ কথাগুলো বলেছে চট্টগ্রামের পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আরফিন জাহান। লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মুক্তামণি ফাতেমা জানাল, ‘গেম, নাটক আর ছবির (স্থিরচিত্র) মাধ্যমে ইংরেজি শেখানো হয়েছে আমাদের। খুব মজা পেয়েছি। সবকিছুই মনে গেঁথে গেছে।’ গতানুগতিক ধারায় বই দেখে ইংরেজি শেখা অথবা মুখস্থ করে শিক্ষককে পড়া বুঝিয়ে দেওয়া নয়, এখানে সবাই নিজেদের মতো করে ইংরেজি শিখছে। কেউ টেলিভিশনের পর্দায় নাটক দেখছে, কেউ গেম নিয়ে ব্যস্ত, আবার ছবির কুইজের জবাব দিচ্ছে কেউ। গতকাল শনিবার সকালে নগরের ডবলমুরিং থানাধীন পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষা শেখার ব্যতিক্রমী আয়োজন করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমের নাম দেওয়া হয় ‘ইংলিশ ইন অ্যাকশন (ইআইএ) মেলা’। ইআইএ প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য মেলার আয়োজন করা হয়। জানা গেছে, ইংলিশ ইন অ্যাকশন নয় বছর মেয়াদি একটি ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম। ইউ কে এইডের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ সরকারের মাধ্যমে। গতকাল চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন নয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ সারা দেশের চারটি জায়গায় এ মেলা অনুষ্ঠিত হয়। বাকি এলাকাগুলোর মধ্যে রয়েছে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ মাঠ, লালমনিরহাটের পাটগ্রাম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুষ্টিয়ার মিরপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়।আষাঢ়ের দ্বিতীয় দিনে মুষলধারা বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা দলে দলে ছুটে আসে মেলা প্রাঙ্গণ পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হলেও বৃষ্টির দাপটে তা সরিয়ে নেওয়া হয় শ্রেণীকক্ষে। দিনব্যাপী এই মেলা ছিল সবার জন্য উন্মুক্ত। মেলা উদ্বোধন করেন ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা শেখ আহমদ চৌধুরী। মেলায় বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ গেম, স্বপ্ন হবে সত্যি নাটকের মাধ্যমে দৈনন্দিন জীবনে ব্যবহূত বিভিন্ন ইংরেজি শব্দ তুলে ধরা হয়। বিবিসি জানালার বুথে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে পাঠদান করা হয়। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমে ইংরেজি শেখা, ইংরেজি অনুশীলন করার ধারণা দেওয়া হয়।