নাটক করতে এসে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক থেকে গোপনে চাল সরিয়ে ওই চাল লুট হয়েছে মর্মে ঘাটাইল থানায় মামলা করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ইয়াছিন আলী (২৮) নামের এক ট্রাকচালক ও তাঁর সহযোগী রনি মিয়া (১৮)। তাঁদের উভয়ের বাড়ি ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে।আরশেদ (৪৫) ও করিম (৩২) নামের আরও দুজনকে ওই নাটকে জড়িত থাকার অভিযোগে তাঁদের বাড়ি ঘাটাইলের ষাটশৈলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, উপজেলার হামিদপুর গ্রামের চাল ব্যবসায়ী সোহেল মিয়া স্থানীয় খান চাল কল থেকে ৩১২ বস্তা চাল কিনে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করেন। গত শুক্রবার রাত আটটার দিকে ট্রাকচালক ইয়াছিন আলী তাঁর সহযোগী রনি মিয়াকে নিয়ে সিডস্টোরের উদ্দেশে রওনা দেন। পরদিন শনিবার সকালে তাঁরা ভালুকা থানায় গিয়ে অভিযোগ করেন যে স্থানীয় উথুরা বাজারের কাছে শুক্রবার গভীর রাতে তাঁদের ট্রাক থেকে ৩১২ বস্তা চাল লুট হয়েছে। লুণ্ঠনকারীরা তাঁদের চেতনানাশক ওষুধ খাইয়ে সব চাল লুট করে নিয়ে গেছে বলে তাঁরা পুলিশকে জানান।ভালুকা থানার পুলিশ এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমানকে অভিহিত করলে তিনি ট্রাকচালককে ঘাটাইল থানায় এসে এ ব্যাপারে মামলা করার পরামর্শ দেন।গত শনিবার সন্ধ্যায় চালক ইয়াছিন আলী ও রনি মিয়া ঘাটাইল থানায় আসেন মামলা করতে। ঘাটাইল থানার উপপরিদর্শক শফিকুজ্জামান জানান, কথাবার্তায় অসংগতি থাকায় তাঁদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক ইয়াছিন স্বীকার করেন যে কালিহাতী উপজেলার পিচুরিয়া গ্রামের মিঞ্জু মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তাঁরা সব চাল ঘাটাইল উপজেলার ষাটশৈলা গ্রামের করিম ও আরশেদ মিয়ার গুদামে লুকিয়ে রেখেছেন। তারপর খালি ট্রাক নিয়ে ভালুকার উথুরা বাজারে গিয়ে তাঁরা লুটের নাটক সাজিয়েছেন।