নাটক নিয়ে বহুদূর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন দশক ধরে নাটকের সঙ্গে যুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার এই ছাত্র বহু বিশ্বনন্দিত নাটক উপহার দিয়েছেন চট্টগ্রামের দর্শকদের। গত শুক্রবার ছিল তাঁর প্রতিষ্ঠিত ফেইম স্কুল অব ডান্স অ্যান্ড ড্রামার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে কথা হয় তাঁর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ মুনির।
প্রথম আলো: নাটকের সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
অসীম দাশ: ১৯৭৯ সালে ক্লাস এইটে পড়ার সময় নাট্যজন প্রদীপ দেওয়ানজীর নির্দেশনায় একটি নাটকে অভিনয় করি। সে থেকে নাটকের সঙ্গে জড়িয়ে পড়া।
প্রথম আলো: গণায়ন থেকে ফেইম, দীর্ঘ পথচলা...
অসীম দাশ: আশির দশকে গণায়নের যুক্ত হই। ১৯৮৫-৮৬ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে পাস করে আসা নাট্যজন জামিল আহমেদের অধীনে কাজ করার সুযোগ হয়। তাঁর কাজের ধরন দেখে মুগ্ধতা জেগেছিল। স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এনএসডিতে পড়ার। ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স পাস করে দুই বছর চাকরিও করি। পরে ঢাকায় ভারতীয় দূতাবাসে তিন দফা পরীক্ষা দিয়ে এনএসডিতে পড়ার জন্য নির্বাচিত হই এবং স্কলারশিপ পাই। সে সময় আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অনেকে পরীক্ষা দিয়েছিলেন। তাই ভাবিনি সুযোগ মিলবে। ১৯৯৮ সালে দেশে দেশে ফিরে আবার গণায়নে যোগ দিই। আমার স্ত্রী তিলোত্তমা সেনগুপ্তা দিল্লির কত্থক কেন্দ্র থেকে একই সময়ে পাস করে দেশে আসেন। ওই বছরের জুলাই মাসে দুজন মিলে আমরা ফেইম প্রতিষ্ঠা করি।
প্রথম আলো: এনএসডিতে শিক্ষক হিসেবে কাদের পেয়েছিলেন?
অসীম দাশ: নিভা যোশি, নাসির উদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অনুরাধা কাপুরসহ অনেক বিখ্যাত নাট্যব্যক্তিত্ব আমাদের শিক্ষক ছিলেন। এ ছাড়া রতন থিয়াম, হাবিব তানভিরসহ বিশ্ববিখ্যাত বহু নাট্যকার ও অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে।
প্রথম আলো: এ পর্যন্ত ফেইম কটি নাটক মঞ্চস্থ করেছে? দেশে ও দেশের বাইরে কোথায় কোথায় প্রদর্শনীতে অংশ নিয়েছেন?
অসীম দাশ: এ নিয়ে ২৩টি নাটকের প্রায় ৮০০টি মঞ্চায়ন করেছে ফেইম। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন উৎসব ছাড়া এনএসডি ও ভারত সরকার আয়োজিত ‘রঙ মহোৎসবে’ তিনবার অংশ নিয়েছে ফেইম। ভারতের দিল্লি, জয়পুর, ভুপাল, কলকাতা ও যুক্তরাজ্যের লন্ডনেও ফেইম নাটক মঞ্চায়ন করেছে।
প্রথম আলো: সফক্লিস, মলিয়ের, ইবসেনের মতো বিশ্ববিখ্যাত নাট্যকারদের ক্ল্যাসিকের প্রতি ঝোঁক কেন? কেন বিনির্মাণ ও নিরীক্ষার দিকে যাননি?
অসীম দাশ: সব সময় বড় মাপের কাজ করতে চাই। এ জন্য ক্ল্যাসিকের দিকে ঝোঁক। চট্টগ্রামের নাট্যকারেরা কলম গুটিয়ে নিয়েছেন। ঢাকার কেউ আমাদের নাটক দেবেন না। ক্ল্যাসিক ছাড়া আমাদের উপায়ই–বা কী? তা ছাড়া এখানকার দর্শকেরা অন্তত বিশ্বনাটকের স্বাদ নিতে পারছেন। ভাঙচুর বা বিনির্মাণের জন্য এখনো আমাদের দর্শক তৈরি হয়নি।
প্রথম আলো: ফেইমের অর্জন, আর স্বপ্ন...
অসীম দাশ: ফেইম অন্তত একদল দক্ষ নাট্যকর্মী তৈরি করছে। এঁদের সবাই তরুণ এবং সম্ভাবনাময়। নাটক নিয়ে বহুদূর যেতে চাই। আমার স্বপ্ন রেপারটারি থিয়েটার, অর্থাৎ পেশাদার নাট্যদল গড়ে তোলা। সেটা হলে অভিনেতারা থিয়েটারকেই পেশা হিসেবে বেছে নিতে পারবেন।