নাটক বন্ধ করে ইলিয়াসকে ফেরত দিন: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, ইলিয়াস আলীকে ফেরত দেওয়া নিয়ে সরকার নাটক করছে। নাটক বন্ধ করে ইলিয়াসকে ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খন্দকার মোশাররফ এ কথা বলেন।বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে তাঁর পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ শাখা।মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।