নাটক সাজানোর চেষ্টা হলে দুর্বার আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে কোনো ‘নাটক সাজানো’র চেষ্টা করলে দুর্বার আন্দোলন করা হবে বলে সাবধান করে দিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল বৃহস্পতিবার এক স্মরণসভায় তাঁরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।এদিকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য ‘অস্পষ্ট এবং বিভ্রান্তিকর’ বলে সাংবাদিক নেতারা যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে মন্ত্রী বলেছেন, ‘তদন্ত শেষ হওয়ার আগে সাংবাদিক নেতাদের এমন মন্তব্য তদন্ত প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।’স্মরণসভায় সাংবাদিক নেতারা বলেন, ১৫ অক্টোবর সংবাদ সম্মেলন করে সরকারকে সময় বেঁধে দেওয়া হবে। সে সময়ের মধ্যে প্রকৃত খুনিদের হাজির করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।সাগর-রুনি হত্যার আট মাস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।স্মরণসভার সভাপতি বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আসল খুনির পরিচয় এবং বিচার আমরা দেখতে চাই। বিচারের দাবিতে সাংবাদিকদের যে ঐক্য তৈরি হয়েছে, কোনো শক্তিই সেটা নষ্ট করতে পারবে না।’বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয়। সাগর-রুনির বাসায় এত সম্পদ নেই যে সংঘবদ্ধভাবে চুরি-ডাকাতি করতে যাবে।...নাটক সাজিয়ে ঘটনাকে ভিন্ন দিকে নেওয়া হলে সাংবাদিক সমাজ মেনে নেবে না।’সভা সঞ্চালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। সাংবাদিক নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজের দুই অংশের সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। এ ছাড়া সাংবাদিক শাহ আলমগীর, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, নারী সাংবাদিক সংঘের সভাপতি নাসিমুন আরা, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন, মাছরাঙা টেলিভিশনের প্ল্যানিং এডিটর রাশেদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া: সাগর-রুনির হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বলে সাংবাদিক নেতারা যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে গতকাল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে সভা করে সাংবাদিক নেতারা ওই মন্তব্য করেছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে আন্তমন্ত্রণালয় সভায় বলেন, ‘এ হত্যা মামলার তদন্ত এখনো সম্পন্ন হয়নি। কাজেই তদন্ত চলাকালে তাঁদের এমন মন্তব্য ইতিবাচক ভূমিকার স্বাক্ষর বহন করে না। এতে বরং তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।’মাছরাঙার মানববন্ধন: সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে এর কর্মীরা গতকাল মানববন্ধন করেন। সাগর সরওয়ার মাছরাঙার বার্তা সম্পাদক ছিলেন।