অবশেষে নারায়ণগঞ্জ-৫ অাসনের (শহর ও বন্দর) উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান৷ প্রার্থী মনোনয়ন নিয়ে গতকাল বুধবার জাপার সংসদীয় দলের সভায় বিতর্ক ও নানা নাটকীয়তার পর বিকেলে সেলিম ওসমানের নাম ঘোষণা করেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু৷
নারায়ণগঞ্জের এই উপনির্বাচনে ওসমান পরিবারের কাউকে প্রার্থী করার পক্ষে অবস্থান নেন জাপার চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ৷ আর জাপার সংসদীয় দলের নেতা রওশন এরশাদ তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ্কে প্রার্থী করতে তৎপর ছিলেন৷
জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, দুপুর সোয়া ১২টায় জাপার সংসদীয় দলের সভা শুরুর ঘণ্টা দেড়েক আগে বনানীর কার্যালয়ে এরশাদের সঙ্গে দেখা করেন সেলিম ওসমানের ভাই আওয়ামী লীগ নেতা শামীম ওসমান৷ তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাপার আহ্বায়ক আবু জাহেদ ও মহানগর কমিটির সদস্যসচিব আকরাম আলীসহ কয়েকজন নেতা৷ বস্তুত ওই বৈঠকেই প্রাির্থতা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়৷
জাপার সংসদীয় দলের বৈঠক সূত্র জানায়, গতকালের সংসদীয় দলের সভায়ও রওশন এরশাদ দলের প্রার্থী হিসেবে গোলাম মসীহ্র নাম ঘোষণা দিতে এরশাদকে বলেন৷ কিন্তু এরশাদ নানা কথায় সে প্রস্তাব অগ্রাহ্য করেন৷ একপর্যায়ে রওশন ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে বলেন, ‘তুমি যদি একাই সিদ্ধান্ত নেবে, তাহলে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক ডাকলে কেন?’
বেলা দুইটা পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভার প্রথমার্ধ শেষ হওয়ার পর আবার বৈঠক বসে৷ তখন রওশনসহ বেশির ভাগ সদস্যের সমর্থনে গোলাম মসীহ্কে প্রার্থী করার সিদ্ধান্ত হয়৷ এতে এরশাদ ও রওশনসহ উপস্থিত সাংসদেরা সই করেন৷ এরপর গোলাম মসীহ্কে দলীয় প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লেখা একটি চিঠি টাইপ করতেও দেওয়া হয়৷ এ পর্যায়ে রওশন বাসায় ফিরে যান৷
গোলাম মসীহ্ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বেলা দুইটার পর রওশন এরশাদ আমাকে প্রার্থী মনোনীত করার খবরটি জানান৷ এরপর এ-সংক্রান্ত একটি একটি চিঠি দলীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে বলেন৷ এরপর কী হয়েছে, তা জািন না৷’
সূত্র জানায়, রওশন এরশাদ চলে যাওয়ার পর জাপার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির কয়েকজন নেতা এরশাদের সঙ্গে দেখা করেন৷ তাঁরা গোলাম মসীহ্কে প্রার্থী করার ব্যাপারে কড়া আপত্তি জানান৷ এরপরই এরশাদ মত পরিবর্তন করে সেলিম ওসমানকে প্রার্থী ঘোষণা দিতে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে িনর্দেশনা দেন৷ সাড়ে তিনটার দিকে সেলিম ওসমানের নাম ঘোষণা করা হয়৷
জাপার প্রাথমিক সদস্য না হয়েও সেলিম ওসমানের মনোনয়ন পাওয়া নিয়ে দলের ভেতরে নানা ধরনের কানাঘুষা হচ্ছে৷ গত ২৫ মে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জি এম কাদের বলেছিলেন, ‘সরকার জাপাকে বিশেষ করে তাঁর সংসদীয় দলকে শাসন “ডমিনেট” করছে৷ এর ওপর এরশাদের মুঠো আলগা হয়ে যাচ্ছে৷’ এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য গত রাতে বলেন, ‘সেলিম ওসমানকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে জি এম কাদেরের ওই বক্তব্য আরেক দফা সত্য প্রমাণিত হলো৷’