নাটকে অভিনয় করায় ছাত্রীকে বেত্রাঘাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে অভিনয় করায় এক মাদ্রাসাছাত্রীকে বেত্রাঘাত করে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট চর জগবন্ধু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। মেয়েটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।মেয়েটি গত সোমবার মাদ্রাসার অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে।ইউএনও এস এম নাজিম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। ওসি মো. এনামুল হক খান বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মেয়েটি গতকাল নিজ বাড়িতে জানায়, জুয়া খেলা, দাদন ব্যবসা, সুদ গ্রহণ ও যৌতুকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত এপ্রিল মাসে স্থানীয় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে দাই নামের একটি গণনাটকে সে অভিনয় করে। স্থানীয় মেঘনা বহুমুখী সমিতি ওই গণনাটকের আয়োজন করে।মেয়েটির ভাষ্যমতে, ছুটি শেষে ২ জুন সে মাদ্রাসায় যায়। এ সময় নাটকে অভিনয় করার অপরাধে তাঁর শ্রেণীশিক্ষক মাওলানা মো. ইসমাইল তাকে বেত্রাঘাত করে ক্লাস থেকে বের করে দেন। পরের দিনও ক্লাস করতে না দেওয়ায় সে বাড়ি ফিরে বিষয়টি তার বাবাকে জানায়। ৬ জুন বাবাকে নিয়ে সে মাদ্রাসায় গেলে শ্রেণীশিক্ষক মো. ইসমাইল ও অপর শিক্ষক মাওলানা নুরুল আমিন তার বাবাকে অপমানজনক কথা বলেন। একপর্যায়ে তার বাবা কান্নাকাটি করে মাদ্রাসা থেকে চলে যান। পরে তাকে শ্রেণীকক্ষে নিয়ে সহপাঠীদের সামনে শিক্ষক মো. ইসমাইল বেদম বেত্রাঘাত করে ক্লাস থেকে বের করে দেন।মেঘনা বহুমুখী সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, সমিতির মাধ্যমে তাঁরা এলাকায় নানা ধরনের সেবামূলক কাজ করেন। এর অংশ হিসেবে একটি বেসরকারি সংস্থার আর্থিক সহায়তায় তাঁরা জনসচেতনতামূলক গণনাটকটি করেন। শিক্ষক মো. ইসমাইল বলেন, মেয়েটি ক্লাসে অনিয়মিত। প্রথম সাময়িক পরীক্ষায় সে অংশ নেয়নি। তার ওপর নাটকে অভিনয় করে সে এলাকায় মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করেছে। এ জন্য তাকে শাসন করা হয়েছে। মেয়েটিকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুন্নবি বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।