নাটকে একাত্তর
সন্ধ্যা নেমে এসেছে। পুরো এলাকা প্রায় অন্ধকার। চারদিকে থমথমে পরিবেশ। হঠাৎ নারী কণ্ঠে কান্না। সেই কান্না ধীরে ধীরে থেমেও যায়। কিন্তু নারীদের নির্যাতনের হাত থেকে বাঁচানোর কেউ নেই।
এই দৃশ্য ও আবহ রংপুর টাউন হলের। গতকাল শুক্রবার হলের সামনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় একটি নাটক মঞ্চস্থ হয়। নাটকটি আগত দর্শকদের হৃদয় স্পর্শ করে।
মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যাকে উপজীব্য করে নির্মিত পরিবেশ থিয়েটারের প্রযোজনা ‘রংপুর টাউন হল কনসেনট্রেশন ক্যাম্প-১৯৭১’-এর ব্যাকড্রপ হিসেবে দেখানো হয় টাউন হল। হলের সামনে, বারান্দা, ও ছাদ এবং আশপাশ এলাকাজুড়ে ৪২ জন শিল্পী এতে অভিনয় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নির্দেশক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ হায়দার, নাট্যব্যক্তিত্ব রাজ্জাক মুরাদ ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর টাউন হল ছিল নারী নির্যাতনের কেন্দ্রবিন্দু। গ্রাম-শহরের নারীদের ধরে এনে এখানে নির্যাতন করে মেরে ফেলা হতো। সেই হলকে ঘিরেই ৪০ মিনিটের এ নাটকের মূল কাহিনি গড়ে তোলা হয়েছে।
এর আগে বিকেলে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আনিছুল হক পেয়ারাকে সম্মাননা দেওয়া হয়।
শিক্ষাবিদ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী। এ ছাড়া বক্তৃতা করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবুল কাশেম, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক আবদুল মালেক প্রমুখ।