নাটকে বাংলা ব্যবহারে মনোযোগী হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ–২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা l ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ–২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা l ছবি: প্রথম আলো

নাটকে বাংলা ভাষার ব্যবহার ও উচ্চারণের দিকে খেয়াল রাখতে নাট্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলা ভাষা ও বানান নিয়ে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘যে নাটকগুলো ইদানীং দেখানো হচ্ছে সেখানে বাংলা যেভাবে উচ্চারণ হয়, তা দয়া করে বর্জন করুন। এটি আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করবে। কারণ, তারা ধরে নিতে পারে এটাই বুঝি বাংলা ভাষার চর্চা। নাটক শিল্পসম্মত হওয়ার ক্ষেত্রে বাংলা বানান ও উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ।’

এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় বাংলা বানান ও উচ্চারণ নিয়ে এই প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায়ে বাছাইপর্ব শেষে শীর্ষস্থান অধিকারী ৮০ জনকে নিয়ে চ্যানেল আইতে প্রচারিত হয় টিভি রাউন্ড। এর মধ্যে সেরা ছয়জনকে নিয়ে হয় চূড়ান্ত পর্ব।

এই প্রতিযোগিতার আয়োজক ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি অনুষ্ঠানে বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষাকে দেশের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রতিযোগিতার বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

গতকালের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় পাঁচটি ভাগ শেষে এবারের সেরা বাংলাবিদ হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত সায়েম। নুসরাত পেয়েছে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল আরিফিন। সে পেয়েছে ৩ লাখ টাকার মেধাবৃত্তি। যৌথভাবে তৃতীয় হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সোয়েব সানিয়দ খান তূর্য ও সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইসা সালসাবিল। তারা পেয়েছে ২ লাখ টাকার মেধাবৃত্তি।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান, উচ্চারণ ও ব্যবহার ছড়িয়ে দিতে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’ প্রতিযোগিতা।