নাটকের বিদেশি দল আনার প্রক্রিয়া সহজ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিদেশি নাটকের দল আনতে বিধানগুলো আরও সহজ করাসহ কয়েকটি দাবি জানিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের শিক্ষক লাউঞ্জে এক মতবিনিময় সভায় এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, বিদেশি দল আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, তাই নির্দিষ্ট সময়ে মন্ত্রণালয় থেকে অনুমতি দিতে হবে। কারণ প্রত্যন্ত অঞ্চল থেকে মন্ত্রণালয়ে বারবার ধরনা দেওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তাই এই দায়িত্ব নিজ নিজ জেলা প্রশাসককে দেওয়া যেতে পারে। তা ছাড়া মন্ত্রণালয়ে প্রবেশ সংরক্ষিত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের সংগঠনগুলোর কথা বিবেচনা করে আবেদনপত্র দেওয়ার সহজ স্থানও নির্ধারণ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা। অনুশীলন নাট্যদলের সভাপতি অধ্যাপক মলয় ভৌমিক মন্ত্রণালয়ের অনুদান প্রকৃত সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৌঁছানোর দাবি জানান। এসব দাবির পরিপ্রক্ষিতে সংস্কৃতিমন্ত্রী বলেন, বিদেশি নাট্যদল আনা সহজ করা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। কীভাবে এই কাজ করা হবে তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনাও চলছে। তিনি আরও বলেন, অনেক সময় পর্যাপ্ত তদন্তের অভাবে কিছু ভুয়া সংগঠন অনুদান পেতে পারে। প্রকৃত সাংস্কৃতিক সংগঠনগুলোই যাতে অনুদান পায়, তার জন্য মন্ত্রণালয় থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ও রাজশাহী শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।