নাটকের ভেতরে নাটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গতকাল সোমবার দুপুরে একটি নাটকের শুটিং চলছিল। এতে লাইব্রেরির মূল ফটক দিয়ে চলাচল বিঘ্নিত হয়। ভেতরের শিক্ষার্থীরা বাইরে যেতে পারছিলেন না, আবার ভেতরে যাওয়ার জন্য বাইরে অপেক্ষা করছিলেন অনেকে। একসময় ক্ষুব্ধ হয়ে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানকে বিষয়টি অবহিত করে এর প্রতিকার চান। তিনিও প্রক্টোরিয়াল টিমকে ঘটনাস্থলে পাঠানোর আশ্বাস দেন। কিন্তু কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক ও ফার্সি বিভাগের ছাত্র ওমর শরীফ। ওমর শরীফ গিয়ে নাটকের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিতর্কে লিপ্ত হন। তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে পরিচালক অভিনেত্রীকে সেখান থেকে সরিয়ে নেন। এরপর শরীফ নাটকের পরিচালককে নিয়ে যান প্রক্টরের দপ্তরে। সেখান থেকে পরিচালক রাজীব মনি দাস, ব্যবস্থাপনা পরিচালক এস এইচ শামীম, শিল্পী জামাল উদ্দীন ও পলাশ মনি দাসকে শাহবাগ থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে পুলিশ মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয়। প্রক্টর বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানটি অনুমতি না নিয়ে শুটিং করছিল। ক্লাস চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের শুটিং করা যায় না।প্রক্টোরিয়াল আইন অনুযায়ী ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটলে প্রক্টোরিয়াল টিম তা দেখাশোনা করে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে নয় সদস্যের প্রক্টোরিয়াল টিম। পাশাপাশি তেহাত্তরের আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে ‘সিনিয়র প্রিফেক্ট’-এর বিধান থাকলেও বর্তমানে এর কার্যকারিতা নেই।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটলে প্রক্টোরিয়াল টিম যাওয়ার আগেই ছাত্রলীগের কিছু নেতাকে সেখানে দেখা যায়। তাঁরা সেখান থেকে প্রক্টরকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ওমর শরীফ তাঁদেরই একজন। এর আগেও বিভিন্ন ঘটনায় তাঁকে এই ভূমিকায় দেখা গেছে।জানতে চাইলে প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘শরীফকে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সম্পর্কে জানাতে পাঠিয়েছিলাম।’ এটা প্রক্টোরিয়াল নিয়মের মধ্যে পড়ে কি না, জানতে চাইলে তিনি বলেন, সহকারী প্রক্টরদের সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সব সময় তাঁদের পাওয়া যায় না। তাই বিভিন্ন সময়ে ছাত্রদের সহযোগিতা নিতে হয়।