নাটকের মান ভালো করতে টিভি চ্যানেলকে সচেতন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নির্মাতা সাদেক সাব্বির। সবার কাছে তিনি পরিচিত এস ডি সাব্বির নামে। ছিলেন মঞ্চের অভিনয়শিল্পী। এখন নাটক নির্মাতা হিসেবে হাত পাকাচ্ছেন চট্টগ্রামের এই তরুণ। নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। আলাপচারিতায় জানান তাঁর উঠে আসা ও ব্যস্ততা নিয়ে

নাটকের মান নিয়ে নানা প্রশ্ন, কীভাবে দেখছেন বিষয়টি?

নাটকের মান খুব একটা ভালো হচ্ছে না এটা সত্য। কিন্তু নির্মাতাদের কিছুই করার নেই। মান ভালো করতে টিভি চ্যানেলকে সচেতন হতে হবে। আমি মনে করি, এর মূল কারণ কম বাজেট। একটি এক ঘণ্টার নাটকের জন্য বাজেট থাকে ১ লাখ ৫০ থেকে ৬০ হাজার টাকা। বাজেটের হিসাবে কাজ দুই দিনের মধ্যেই শেষ করতে হয়। শুধু তাই নয়, অনেক দিকে ছাড় দিতে হয়। নাটকের মাঝখানে বিজ্ঞাপনের আধিক্যেও দর্শকেরা বিরক্ত। তা ছাড়া একটি নাটকের মাঝখানে যে পরিমাণ বিজ্ঞাপন দেওয়া হয়, তার অর্ধেক টাকাও যদি নাটক নির্মাণে ব্যয় হয়, তাহলে নির্মাতারা দর্শক ধরে রাখতে পারবেন। কিন্তু সেটা হচ্ছে না। ফলে অনলাইনের দিকে ঝুঁকছেন দর্শকেরা।
অনলাইনের ব্যাপারটা খোলাসা করবেন?
দর্শকেরা এখন অনলাইনের বিভিন্ন মাধ্যমে নাটক দেখছেন। যেমন অনেক দর্শক নাটক দেখেন ইউটিউবে। কারণ সেখানে বিজ্ঞাপন নেই। একেকটি নাটক লাখো বার দেখা হচ্ছে। ফলে আমরাও সেদিকে ঝুঁকছি।
এখন ব্যস্ততা কী নিয়ে?
ভালোবাসা দিবসের একটি নাটক করার পরিকল্পনা রয়েছে। সেটা নিয়ে এগোচ্ছি। তা ছাড়া কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কাজ চলছে।
কাজের খবর
আমার নির্মিত প্রথম টেলিফিল্মটি সাউন্ড অব ফ্রেন্ডশিপ। তবে এটি এখনো প্রচারিত হয়নি। দ্বিতীয় নাটকটি প্রচারিত হয়। ডিজিটাল পোয়া নামের নাটকটি বেশ সাড়া জাগায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপে করা হয় এটি। প্রচারিত হয় চ্যানেল আইয়ে। এরপর প্রচারিত রক্তের গ্রুপ আর পজেটিভ নাটকটি অনলাইনের দর্শকেরা বেশ পছন্দ করেছেন। ইমপ্রেস টেলিফিল্মের সাইটে একটি দর্শকদের দেখা নাটকের তালিকায় এক নম্বরে আছে। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা ও ফারুক আহমেদ। এ ছাড়া অর্কিডের স্বপ্ন ও দুর্ভাগা মুক্তি নামের আরও দুটি নাটক প্রচারিত হয়েছে চ্যানেল আইয়ে।
শুরুটা কীভাবে হয়?
আমি নাটকের দল উচ্চারণের সঙ্গে যুক্ত হই সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকে। এখনো যুক্ত আছি। এ পর্যন্ত ১২টি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য আর কত দিন, আরেকটি যুদ্ধ ও বিবাহবিভ্রাট। নির্মাতা হিসেবে শুরুও মঞ্চে। রায় নাটকটি আমার নির্দেশিত। এতে আমি অভিনয়ও করেছি। টেলিভিশন নাটকে নির্দেশনা শুরু করেছি তিন বছর আগে।
কথোপকথন: আশরাফ উল্লাহ