নাটমণ্ডলে হোমকামিং উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাট্যকলা ও সংগীত বিভাগের বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণ। গতকাল রোববার সন্ধ্যায় তাঁরা এসেছিলেন সতীর্থদের অংশগ্রহণে নোবেলজয়ী ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের নাটক হোমকামিং-এর অভিনয় দেখতে।হ্যারল্ড পিন্টারের নাটকটি নিয়ে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোত্সব। হোমকামিং নাটকটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের প্রভাষক জিয়াউল হক। স্নাতকোত্তর বিভাগের বিষয়—পাশ্চাত্য অভিনয়পদ্ধতি ও প্রযোজনা প্রয়োগ হিসেবে নাটকটি ছাত্রছাত্রীরা মঞ্চে এনেছেন।দেড় ঘণ্টার এই নাটকের আখ্যান ৭০ বছরের এক বৃদ্ধ, তিন পুত্র, এক পুত্রবধূ ও বৃদ্ধের ভাইকে নিয়ে। পরিবারটির ভেতরের পারস্পরিক ব্যক্তিত্বের দ্বন্দ্ব ও সহমর্মিতা নিয়ে যে নানামুখী টানাপোড়েন, সে বিষয়টিই ফুটে উঠেছে। নির্দেশক জানান, চূড়ান্ত পর্বের প্রযোজনা হিসেবে নাটকটি নিয়ে গত ১ ডিসেম্বর থেকে টানা এক মাস কাজ হয়েছে। প্রদর্শনী শুরু হয়েছিল ৬ জানুয়ারি থেকে। আজ সোমবার শেষ মঞ্চায়ন। নাট্যকলা বিভাগের সিদ্ধান্তেই টানা ছয় দিনের জন্য নাটকটির প্রদর্শনী হচ্ছে। একটানা প্রদর্শন করলে প্রযোজনাটি একটি সময় ভালো অবস্থায় গিয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, বিভাগে আগে এভাবে বিষয়ভিত্তিক প্রযোজনা করা হলেও এক দিনেই প্রদর্শন করে শেষ করা হতো। কিন্তু এখন সব বর্ষের ক্ষেত্রেই বিভাগের প্রযোজনাগুলো টানা মঞ্চায়ন করা হয়।নাটকে অভিনয় করেছেন রাজীব চন্দ্র দাস, শাহামান মৈশান, রাব্বী ইবনে সিদ্দিকী, আবদুল কাইয়ুম ভূঁইয়া, বেলায়েত হোসেন, এনামুল হক, শারমীন আক্তার, মাহফুজা খান ও নুসরাত জাহান।