নাটিকা-গানে সাফল্যের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ দিবস উপলক্ষে গতকাল সিলেটে নাটিকা মঞ্চায়ন করেন নাট্যকর্মীরা l প্রথম আলো
জাতিসংঘ দিবস উপলক্ষে গতকাল সিলেটে নাটিকা মঞ্চায়ন করেন নাট্যকর্মীরা l প্রথম আলো

অশিক্ষা আর রোগব্যাধিতে জর্জরিত ছিল বাংলাদেশের গ্রামীণ মানুষ। সেই দিন আর নেই। গত ১৫ বছরে এসব ক্ষেত্রে এসেছে অভাবনীয় সফলতা। সবার জন্য শিক্ষা, নারীর ক্ষমতায়ন, এইচআইভি ভাইরাস মোকাবিলা, হাম নিরোধ, শিশু মৃত্যুর হার কমানোসহ নানা ক্ষেত্রে আগের চেয়ে মানুষ এখন অনেকটাই ভালো রয়েছেন। আর এ কাহিনিই একটি নাটিকার মাধ্যমে গতকাল সোমবার মঞ্চায়িত হয়।
সিলেটে জাতিসংঘ দিবস উদ্‌যাপন উপলক্ষে নাট্যমঞ্চ সিলেটের নাট্যকর্মীরা এ নাটিকাটি মঞ্চায়ন করেছেন। নাটিকাটি লিখেছেন কথাসাহিত্যিক আনিসুল হক। গতকাল বিকেলে সিলেট নগরের উপশহর এলাকার রোজভিউ হোটেলে ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটাই এগিয়ে রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে দুই শতাধিক কিশোর-কিশোরীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘শিশু মৃত্যুর হারকে কমিয়ে আনা’ স্লোগান নিয়ে বেলা পৌনে চারটায় আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইউহান ফ্রিসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আল-আমিন, সিলেটের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসাইন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধি কাউরো তাকাহাসি। ইউনিসেফ বাংলাদেশ সিলেট বিভাগের প্রধান কাজী দিল আফরোজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইউনিসেফ বাংলাদেশ সিলেটের কর্মকর্তা সাঈদ মিলকী।

রাষ্ট্রদূত ইউহান ফ্রিসেল বলেন, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে সব পর্যায়ে কাজ করছে। ভবিষ্যতেও সবাই মিলে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। শিশু মৃত্যুর হার কমানোর বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কাজ করা অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান ও প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশিত হয়।