নাটেশ্বরে খননকাজ পরিদর্শন করলেন বৌদ্ধ ভিক্ষুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের জন্মভূমি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে প্রত্নতত্ত্ব খননকাজ গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন চীনের তিব্বত বৌদ্ধ সংঘের চেয়ারম্যান ও চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের সদস্য দ্রুবকাংসহ কয়েকটি দেশের বৌদ্ধ ভিক্ষুরা।
ভিক্ষুরা অগ্রসর বিক্রমপুরের উদ্যোগে গত পাঁচ বছরের খননকাজ ও অনুসন্ধানে পাওয়া হাজার বছরের পুরোনো মধ্যযুগের বৌদ্ধ বিহার ও নগরের ধ্বংসাবশেষের নিদর্শনগুলো ঘুরে দেখেন। গতকাল বেলা ১১টার দিকে তাঁরা ঢাকা থেকে টঙ্গিবাড়ীর নাটেশ্বরে খননস্থলে আসেন। চীন ছাড়াও গ্রিস, ভারত ও কোরিয়া থেকে ২০-২৫ জন ভিক্ষু আসেন।
পরিদর্শনকালে দ্রুবকাং বলেন, অতীশ দীপঙ্করের জন্মভূমিতে এই খননকাজের মধ্য দিয়ে আরও বড় বড় কাজ শুরু করা হবে।
খননকাজ চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও ছাত্রদের নিয়ে পরিচালিত ‘ঐতিহ্য অন্বেষণ’ প্রতিষ্ঠান। বর্তমানে তাদের সঙ্গে চীনের একটি প্রত্নতত্ত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকেরা কাজ করছেন। এ সময় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও খননকাজের প্রকল্প পরিচালক নূহ-উল-আলম লেনিন, চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব হুয়াংলে, বিএমএর সাবেক সভাপতি রশীদ-ই-মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।