নাটোর, আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় পলক হোসেন (৪) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শিশুটির মা ও বাবা। পলক সিংড়া থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সোহেল রানার ছেলে। গত সোমবার রাতে মোটরসাইকেলে করে সন্তানসহ ওই দম্পতি নাটোর থেকে সিংড়া আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।
এদিকে নওগাঁর বদলগাছিতে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। নিহত দুজন হলেন শুকুন আলী (৪০) ও গজিমুদ্দিন (৪০)। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার চালক ও যাত্রী।
সিংড়া থানা সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক সোহেল রানা, তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে পলককে নিয়ে মোটরসাইকেলে করে সোমবার রাতে নাটোর শহর থেকে সিংড়ার বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে শেরকোল এলাকায় পৌঁছালে সড়কে পড়ে থাকা একটা গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তিনজনই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক শিশু পলকের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আহত দম্পতিকে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে গতকাল বেলা একটার দিকে বদলগাছি-মাতাজিহাট সড়কের বদলগাছি উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে নিহত শুকুন আলী বদলগাছি উপজেলার চাকরাইল গ্রামের ও গজিমুদ্দিন উপজেলার জগনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর অটোরিকশার চালকসহ আহত সাত যাত্রীকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক শুকুন আলীকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মুনির আলী আকন্দ বলেন, এখানে আহতদের আনার পর গজিমুদ্দিন মারা যান। এখান থেকে গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছি থানার ওসি জালাল উদ্দিন বলেন, হতাহতরা সবাই অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।