নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূসহ তিনজন খুন
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামপ্রধান ইয়াছিন আলী (৫৩) ও বড়াইগ্রামে গৃহবধূ আম্বিয়া খাতুন (৫০) খুন হয়েছেন৷ এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ ফাতেমা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী৷
গত শুক্র ও গতকাল শনিবার এসব ঘটনা ঘটেছে৷ এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে৷
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাগাতিপাড়া উপজেলার জামনগরের কৈচরপাড়ার সাইদুর রহমান (৩২) বৃহস্পতিবার রাতে এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন৷ শুক্রবার রাতে এ নিয়ে ওই পাড়ায় সালিস বসে। কিন্তু অভিযুক্ত সাইদুর রহমান উপস্থিত না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। সালিস শেষে বাড়ি ফেরার পথে গ্রামপ্রধান ইয়াছিন আলীকে অভিযুক্ত সাইদুর রহমান ও তাঁর সহযোগীরা ধরে নিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলী মারা যান।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ব্যাপারে নিহত ইয়াছিন আলীর ছেলে রনি হোসেন বাদী হয়ে সাইদুর রহমানসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন৷
বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আফালউদ্দিনের শত্রুতা চলছিল৷ এরই জের ধরে শফিউদ্দিন ২০-২৫ জন সমর্থক নিয়ে গত শুক্রবার বিকেলে আফালউদ্দিনের বাড়িতে হামলা করেন৷ এ সময় হামলাকারীদের বেধড়ক পিটুনিতে আফালউদ্দিনের স্ত্রী আম্বিয়া খাতুন গুরুতর আহন হন। তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে আম্বিয়া মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামের ফাতেমা খাতুন ও তাঁর স্বামী আলাউদ্দীনের (৫০) মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের একটি চর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, ফাতেমার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় ফাতেমাকে চর এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে আলাউদ্দীন পলাতক রয়েছেন।