নাটোর ও ধুনটে দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে পৃথক দুটি দুর্ঘটনায় বাদশা মণ্ডল (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এদিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের নাটোর শহরের পিটিআই মোড়ে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যবসায়ী। আহত হয়েছেন আরও চারজন।
ধুনটে ব্যাটারিচালিত অটোভ্যান থেকে পাকা রাস্তায় পড়ে গিয়ে বাদশা মণ্ডল ও তাঁর সহযাত্রী ডিগ্রি পরীক্ষার্থী নাজমা খাতুন (২৪) আহত হন। গতকাল সন্ধ্যায় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে অটোভ্যানচালক নিয়ন্ত্রণ হারালে এ দুই যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। ধুনট-মথুরাপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মণ্ডলকে মৃত ঘোষণা করেন। নিহত বাদশা ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে এবং ধুনট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় কুমার বর্মণ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বাদশা মণ্ডল মারা যান। আহত নাজমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ধুনট থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শেওলাবাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন শিক্ষার্থী ধুনট উপজেলায় বেড়াতে আসে। ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া গ্রামের মোড়ে অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেলে চালকসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। গুরুতর আহত চালক শিপন (২২) এবং মামুন (১৭), অন্তরা (১৫), সুমিকে (১৫) চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মামুন মারা যায়। এ ছাড়া কায়ুউম ও শাওন নামের আহত অপর দুই শিক্ষার্থীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করে ট্রাকটি ভাঙচুর করেন। ধুনট থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে যাত্রীবাহী একটি হিউম্যান হলার ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে নাটোরের তেবাড়িয়া হাটে যাচ্ছিল। পিটিআই মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই হিউম্যান হলারের যাত্রী রসুন ব্যবসায়ী শ্যাম কুণ্ডু (৫০) ও খলিল ব্যাপারী (৫৫) নিহত হন। আহত হন আরও তিনজন। আহত ব্যক্তিদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আহত জনাব আলীকে (৭৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে পড়ে আছে। দুই চালকই পালিয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।