নাটোর ও বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার চামটিয়া দিঘিরপাড়ে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্টে জামাল উদ্দিন (৪৭) নামের এক মাছ পাহারাদারের মৃত্যু হয়েছে। একই দিন বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪০) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন।
চামটিয়া গ্রামের খাইরুল ইসলামসহ কয়েকজন বাসিন্দা জানান, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি গ্রামের জামাল উদ্দিন চামটিয়ার মণ্ডলের দিঘি পাহারা দিতেন। দিঘিতে পোকা-মাকড় শিকারের জন্য তিনি পানির মধ্যে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। গতকাল সকালে তিনি নিজেই ওই ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। পরে স্বজনেরা এসে তাঁর মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দেননি।
এদিকে ধুনটের চালাপাড়া গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চালাপাড়া গ্রামের এনঅ্যান্ডএন নামের একটি ইটভাটায় মোহাম্মদ আলী শ্রমিকের কাজ করতেন। গতকাল বেলা তিনটার দিকে তিনি ইট তৈরির জন্য ট্রাক থেকে মাটি নামানোর কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মোহাম্মদ আলী চালাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, মোহাম্মদ আলী বিদ্যুতের তারে জড়িয়ে অসুস্থ হওয়ার পর তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু এখানে আনার আগেই তিনি মারা যান।