নাটোর শহরের আটটি ওয়ার্ডে জলাবদ্ধতা
নাটোরে গত মঙ্গলবার বিকেলের ভারী বর্ষণে শহরের বাণিজ্যিক এলাকাসহ আটটি ওয়ার্ডের অধিকাংশ রাস্তা ও বাড়িঘর হাঁটুপানিতে প্লাবিত হয়েছে। অধিকাংশ নালা ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি নামতে পারছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
গতকাল বুধবার বিকেল তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে অধিকাংশ সড়কে পানি দেখা গেছে। শহরের প্রাণকেন্দ্র কানাইখালী চালের আড়তের প্রতিটি গুদামের মেঝেতে ২ থেকে ৩ ফুট পানি। গুদামের কয়েক শ বস্তা চাল ভিজে নষ্ট হচ্ছে। কিছু ব্যবসায়ী চালের বস্তা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে বিপুল পরিমাণ চাল মজুত থাকায় দুই-এক দিনের মধ্যে এত চাল সরানো সম্ভব নয় বলে ব্যবসায়ীরা জানান। চাল ব্যবসায়ী কাউছার আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যার ভারী বৃষ্টিতে তাঁর গুদামের কয়েক শ মণ চাল পানিতে তলিয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। চালপট্টির পানি বের হওয়ার জন্য নারদ নদের সঙ্গে নালা থাকলেও তা ময়লা-আবর্জনায় ভরে আছে। ফলে পানি সরছে না। বরং আশপাশের পুকুরের পানি সেখানে এসে ঢুকছে।
পটুয়াপাড়ার সার্কিট হাউসের পুরো এলাকায় পানি থই থই করছে। জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় পানি উঠে পড়ায় সাধারণ মানুষ সেখানে মাছ ধরতে ব্যস্ত রয়েছে। উত্তর পটুয়াপাড়ায় ঢোকার একমাত্র রাস্তাটি হাঁটুপানির নিচে। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি নারীরা ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। আলাইপুর মহল্লায় নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মূল ফটকের সামনে ৩-৪ ফুট পানি। সকাল থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা বিদ্যালয়ে ঢুকতে পারেনি। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সাদমান হোসেন জানায়, সে সকালে বিদ্যালয়ের সামনে গিয়ে ঢুকতে না পেরে ফিরে এসেছে। এ ছাড়া ১-৮ নম্বর ওয়ার্ডের সব রাস্তা পানিতে তলিয়ে আছে। ফলে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। চৌকিরপাড় এলাকার নলডাঙ্গামুখী সড়ক ও চকরামপুর এলাকায় নাটোর-পাবনা সড়ক পানিতে তলিয়ে গেছে। ফটকের সামনে পানি জমে থাকায় জেলার টেলিফোন অফিসে সর্বসাধারণের যাতায়াত বন্ধ রয়েছে।
নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক বলেন, সংকট মোকাবিলার জন্য মঙ্গলবার থেকে বিভিন্ন ওয়ার্ডে ৪০-৫০ জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করেছেন। তবে অধিকাংশ নালা ও সড়ক বেদখল হওয়ায় পানি নামছে না।