নাটোরে আইনজীবীদের আদালত বর্জন চলছে
নাটোর জেলা আইনজীবী সমিতি গত রোববার সকাল থেকে জেলার জ্যেষ্ঠ সহকারী জজ হুমায়ন কবীরের আদালত বর্জন শুরু করেছে। সাত দিনের মধ্যে ওই বিচারককে প্রত্যাহার করা না হলে লাগাতার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ ও মনগড়া বিচারিক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নাটোরের জ্যেষ্ঠ সহকারী জজ হুমায়ন কবীরের আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল থেকে কোনো আইনজীবী ওই বিচারকের আদালতে উপস্থিত হননি। বিচারকও তাঁর এজলাসে বসেননি। তিনি নাটোরের সিংড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার দেওয়ানি ও পারিবারিক মামলার বিচারের দায়িত্বে রয়েছেন। আইনজীবীদের আদালত বর্জনের কারণে এই তিনটি উপজেলার কয়েক শ মামলার শুনানি বন্ধ রয়েছে।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যে ওই বিচারককে অন্যত্র বদলি না করলে আইনজীবীরা লাগাতার আদালত বর্জন শুরু করবেন। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের ও বিচারপ্রার্থীর দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর ওই বিচারকের আদালতে অংশ নিতে চাই না।’