নাটোরে আইনজীবীদের কর্মবিরতির হুমকি
ছুরিকাঘাত করে আইনজীবী রফিক আহম্মদকে হত্যাচেষ্টাকারীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী রোববার থেকে নাটোর জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি পালন করবে বলে হুমকি দিয়েছে। গতকাল বুধবার সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কানাইখালী এলাকায় আইনজীবী রফিক আহম্মদকে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সমিতি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন রুহুল আমীন তালুকদার। সভায় ২০ জন আইনজীবী বক্তব্য দেন। বক্তারা আইনজীবী রফিক আহম্মদকে ছুরিকাঘাত ও মারপিট করে হত্যার চেষ্টা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন মূল আসামি মিজানুর রহমান ওরফে ডিউককে গ্রেপ্তার করতে পারেনি। তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই ঘটনার কারণ ও দায়ী অন্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানা যাবে।
সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ‘তিন দিনের মধ্যে সন্দেহভাজন মূল আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে। মামলার তদন্ত কর্মকর্তা বদল করে দক্ষ পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিতে হবে। বাদী ও সাক্ষীদের বক্তব্য ১৬৪ ধারায় লিপিবদ্ধ করতে হবে। অন্যথায় রোববার থেকে কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া এই মামলা তদারকির জন্য একটি উপকমিটি গঠন ও আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নেওয়ার জন্য পৃথক আরেকটি উপকমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়। এর আগে গত বুধবার আইনজীবীরা আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এজাহারের মধ্যে আসামিদের নাম উল্লেখ না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এজাহারের বাইরে জিডিতে যেসব অভিযুক্তদের নাম উল্লেখ রয়েছে, তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।