নাটোরে আইনজীবীদের লাগাতার আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা আইনজীবী সমিতি গতকাল রোববার থেকে জেলার জ্যেষ্ঠ সহকারী জজ হুমায়ন কবীরের আদালত লাগাতার বর্জন শুরু করেছে। ওই বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সদস্যরা বলেন, জ্যেষ্ঠ সহকারী জজ হুমায়ন কবীরের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে অশালীন আচরণ ও মনগড়া বিচারিক সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ন কবীরের আদালত সাত দিনের জন্য বর্জনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ১৫ নভেম্বর সকাল থেকে আদালত বর্জন শুরু হয়।
এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচারককে প্রত্যাহার করে না নেওয়ায় আইনজীবী সমিতি গতকাল দুপুরে আবারও জরুরি সাধারণ সভা ডাকে। সভায় সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী আশরাফুল ইসলাম, মজিবর রহমান, আসাদুল ইসলাম প্রমুখ।
সভায় আইনজীবীরা বলেন, হুমায়ন কবীর নমনীয় না হওয়ায় লাগাতার আদালত বর্জন করা ছাড়া আইনজীবীদের সামনে কোনো বিকল্প পথ নেই। সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, এর জন্য আইনজীবী ও বিচারপ্রার্থীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও আইনজীবীদের মর্যাদা রক্ষার জন্য সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।