নাটোরে আওয়ামী লীগ নেতা খুন, এক ব্যক্তি আটক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামে গতকাল শনিবার আবু রায়হান (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রায়হান সম্ভাব্য প্রার্থী ছিলেন। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ তাঁকে খুন করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাঝগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে (২৯) আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক আবু রায়হান গত শুক্রবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি।
গতকাল সকালে বাহিমালি গ্রামের লোকজন স্থানীয় একটি আমবাগানের গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান। এ সময় মৃতদেহটির দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। পরনে প্যান্ট-শার্ট ও গলায় মাফলার ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা বলেন, আবু রায়হান ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নের কামারদহ গ্রামে হলেও তিনি ২৮ বছর ধরে বাহিমালি গ্রামে পরিবার নিয়ে শ্বশুর ওসিমুদ্দিন প্রামাণিকের বাড়িতে বসবাস করছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও প্রতিদ্বন্দ্বিতার জন্য গণসংযোগ করছিলেন।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) দয়াল কুমার ব্যানার্জি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আবু রায়হান সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় বর্তমান সদস্য মসগুল আজাদের পরিবারের সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। রায়হানের পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই দ্বন্দ্বের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। এ অভিযোগের ভিত্তিতে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে (২৯) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এসআই জানান, নিহত আবু রায়হানের বিরুদ্ধে ওই গ্রামের কৃষক মোতালেব হোসেনকে গুলি করে হত্যা করার অভিযোগে বড়াইগ্রাম থানায় মামলা রয়েছে। গত বছরের ৬ এপ্রিল রাতে মোতালেবকে হত্যা করা হয়।