নাটোরে আবার বেজে উঠল শান্তির বাঁশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি পুলিশিং নামে নাটোরের সেই লাঠি-বাঁশি সমিতির বাঁশি আবার বেজে উঠেছে। গতকাল শনিবার দুপুর ১২টা এক মিনিটে নাটোর শহরের আটটি মহল্লার অলিগলিতে একযোগে বেজে উঠল হাজারো বাঁশি।
বাঁশি যেন আর থামে না! দোকান থেকে, ঘর থেকে নারী-পুরুষ বাঁশি মুখে রাস্তায় নেমে এলেন। ঈদের বাজারে কেনাকাটা করতে আসা নানা বয়সের ক্রেতারা কৌতূহল নিয়ে এদিক-ওদিক চাওয়াচাওয়ি করেন। টানা এক মিনিট পর বাঁশি থামল। এরপর লোকজন আবারও নিজ কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন।
সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে নাটোরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ১০ বছর পর গতকাল দুপুরে একযোগে শান্তির জন্য বাঁশি বাজিয়ে রাস্তায় নেমে আসেন। সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ সংগ্রাম পরিষদ তথা লাঠি-বাঁশি সমিতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় তাঁরা সন্ত্রাস প্রতিরোধে এ পদ্ধতি বেছে নিয়েছেন।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, ‘পরীক্ষামূলকভাবে আমরা এই সামাজিক আন্দোলন শুরু করেছি। আইনশৃঙ্খলার কিছুটা উন্নতি হলে এটা সফলতা পাবে। আশা করি, নাটোরবাসী সন্ত্রাস প্রতিরোধে আগের অভিজ্ঞতা কাজে লাগাবেন।’
জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব আবদুস সালাম বলেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ কীভাবে তাড়াতে হয় তা দেশ-বিদেশের লোকজন অতীতে দেখেছেন। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাব।’ আবদুস সালাম লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত নাটোরে কোনো অপরাধী সন্ত্রাস ও চাঁদাবাজি করতে এলে একযোগে এভাবে বাঁশি বেজে উঠত। তাৎক্ষণিক আশপাশের দোকান বা বাড়ি থেকে লোকজন লাঠি হাতে ছুটে এসে অপরাধীকে হাতেনাতে ধরে ফেলত এবং পুলিশের হাতে তুলে দিত। লাঠি-বাঁশি হয়ে উঠেছিল শান্তির প্রতীক। নাটোর শহর হয়ে উঠেছিল সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত। কিন্তু রাজনৈতিক ছত্রচ্ছায়ায় একটি অশুভ চক্র এই প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়। ২০০৪ সালে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যায়। ধীরে ধীরে আবারও নাটোর সন্ত্রাসীদের কবলে চলে যায়।
সাধারণ ব্যবসায়ী ও মহল্লাবাসী শান্তিতে বসবাসের জন্য আবারও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নাটোরের পুলিশ সুপারের শরণাপন্ন হন। তিনি তাঁদের কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় সামাজিক নিরাপত্তা গড়ে তোলার পরামর্শ দেন। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে আবার বাঁশি বেজে ওঠে।
শহরের রসুলের মোড়ের বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, ‘শুধু পুলিশের ওপর ভরসা করে বসে থাকতে চাই না। আমরা ১০ জনের চোখ দিয়ে আমাদের সমাজকে দেখে রাখতে চাই। অপরাধী দেখামাত্র আমরা তাকে বা তাদের ধরার চেষ্টা করব। এ অভিজ্ঞতা আমাদের আছে। আমরা এবার কমিউনিটি পুলিশিংয়ের ব্যানারে কাজটা করার চেষ্টা করছি।’