নাটোরে গ্রেপ্তার শিক্ষক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার নাটোরের কোচিং সেন্টারের শিক্ষকের এক দিনের রিমান্ড (পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ) মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রোববার নাটোর শহরের একটি কোচিং সেন্টারে এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগে এলাকাবাসী ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন। পরে সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুজ্জামান নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই শিক্ষককে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, অভিযুক্ত শিক্ষক আরও অনেক শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেছেন। অন্য কেউ এসব যৌন নিপীড়নে যুক্ত আছেন কি না, তা জানার জন্য পুলিশ হেফাজতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামির আইনজীবী আরিফুর রহমান আদালতকে বলেন, ঘটনাটি ষড়যন্ত্রমূলক।