নাটোরের তিন স্কুলছাত্রকে বেঁধে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আদালত গতকাল রোববার চার আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।
তাঁদের মধ্যে তিনজন গতকাল স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। আর ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকেও পুলিশ আদালতে হাজির করেছিল।
বাগাতিপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু নির্যাতনের মামলার আসামি মো. নজরুল, মো. জারমান ও মো. সাহাবুল গতকাল দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এ ছাড়া গ্রেপ্তার হওয়া আসামি মো. ইমাজ উদ্দিনেরও জামিনের আবেদন করা হয়। এ সময় এজাহারকারীর পক্ষে তাঁর আইনজীবী সোহেল রানা আসামিদের জামিনের আবেদনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মমিনুল ইসলাম আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
সালিসে শত শত মানুষের সামনে তিন স্কুলছাত্রকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগে পুলিশ গত শনিবার বিকেলে মাকুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার করে।
চুরির পরিকল্পনা করছিল—এমন সন্দেহে মারধর করার পর তাদের প্রত্যেকের দিনমজুর বাবার কাছ থেকে আট হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
গত শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাকুপাড়া স্কুলমাঠে সালিসে নির্যাতনের এ ঘটনা ঘটে।
এদিকে মাকুপাড়া বাজারের মুদি ব্যবসায়ী লিটন বলেন, গ্রেপ্তার-আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা শনিবার থেকে দোকানপাট বন্ধ রেখেছেন।