নাটোরে ডাকাতির কবলে ভারতের এক নাগরিক
ঢাকা থেকে রাজশাহী আসার পথে নাটোরে গত রোববার রাতে ডাকাতির কবলে পড়েন সিদ্ধার্থ দাশগুপ্ত (৫২) নামের এক ভারতীয়। তিনি অমৃত গ্লোবাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ডাকাতদের হামলায় সিদ্ধার্থের গাড়ির চালক মনির হোসেন আহত হন। এ সময় ডাকাতেরা নগদ টাকা, মুঠোফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।
গাড়িতে সিদ্ধার্থ দাশ, মনির হোসেন ছাড়াও ইসরাফিল হক নামের কোম্পানির এক কর্মকর্তা ছিলেন।
মনির হোসেন জানান, নাটোরের বড়াইগ্রামের গলাকাটার মোড়ে সড়কের ওপর বড় একটা গাছ ফেলে ডাকাতেরা তাঁদের গাড়ির গতিরোধ করে। দূর থেকে বুঝতে পেরে তিনি ঢাকার দিকে গাড়ি ঘুরিয়ে ফেলেন। কিন্তু পেছনে ফিরে দেখেন আরেক দল ডাকাত। তারা সবাই মুখোশ পরা। তারা রাম দা দিয়ে গাড়ির জানালায় কোপ দেয়। এতে কাচ ভেঙে তাঁর কপালে লাগে। এতে তিনি আহত হন। পরে ডাকাতেরা দুই লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
নাটোর সদর থানার ওসি আবদুস সাত্তার জানান, পুলিশের উপস্থিতির কারণে ডাকাতেরা পালিয়ে যায়। তবে ডাকাতের কবলে পড়া ওই গাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা দ্রুত চলে যান। ওই গাড়িতে কোনো ভারতের কোনো নাগরিক ছিল কি না তা তাঁরা জানেন না।