নাটোরে তিন ভুয়া চিকিৎসক আটক জরিমানা দিয়ে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে তিন ভুয়া চিকিৎসককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যা ব-৫ সদস্যরা শহরের দুটি পৃথক স্থান থেকে গতকাল মঙ্গলবার তাঁদের আটক করেন।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, র্যা ব সদস্যরা গত মঙ্গলবার বেলা একটার দিকে শহরের রথবাড়ী এলাকায় জনি ফার্মেসিতে অভিযান চালান। অভিযানের সময় ওই ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লিচিকিৎসক খায়রুল আলমকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে প্রশিক্ষণ কেন্দ্র খুলে পল্লিচিকিৎসকের সনদ বিক্রির মাধ্যমে প্রতারণা করার অভিযোগ ছিল।
পরে র্যা ব সদস্যরা শহরের কানাইখালী এলাকা থেকে এশিয়া ডেন্টালের মালিক ও চিকিৎসক মশিউর রহমান এবং ঢাকা ডেন্টাল কেয়ার কেন্দ্রের এস এম সাদেকুল ইসলামকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে নিজ কেন্দ্রের ও চিকিৎসক হিসেবে নিজেদের সঠিক কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের র্যা ব সদস্যরা ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত জনি ফার্মাসির মালিক খায়রুল আলমকে ১ লাখ, এশিয়া ডেন্টাল কেয়ারের মালিক মশিউর রহমানকে ৩০ হাজার ও ঢাকা ডেন্টালের মালিক এস এম সাদেকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেন।
ইউএনও নায়িরুজ্জামান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর ওপরও নজর রাখা হবে। ভবিষ্যতে এরা আবার প্রতারণায় জড়িত হলে কঠোর পদক্ষোপ নেওয়া হবে।