নাটোরে দুই কোটিপতির 'মর্যাদা'র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় শ বছরের পুরোনো নাটোর পৌরসভা। সেখানে নির্বাচনে মেয়র পদে মুখোমুখি প্রধান দুই প্রার্থীর একজন বর্তমান মেয়র, অপরজনের বাবা সাবেক মেয়র এবং নাটোরের সাবেক গভর্নর ও স্থানীয় সাংসদ। অর্থসম্পদে দুজনই কোটিপতি। প্রথমজনের জন্য এটা মর্যাদা রক্ষার এবং দ্বিতীয়জনের জন্য মর্যাদা পুনরুদ্ধারের লড়াই।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত নাটোর পৌরসভায় বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র শেখ এমদাদুল হক আল মামুন। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আর আওয়ামী লীগের প্রার্থী উমা চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাবা বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরী একসময় এই পৌরসভার মেয়র ছিলেন। দায়িত্ব পালন করেছেন নাটোরের গভর্নর হিসেবেও। ছিলেন সদর আসনের সাংসদ। দলমত-নির্বিশেষে নাটোরবাসী তাঁকে ডাকত ‘কাকাবাবু’।
শেখ এমদাদুল হক আল মামুন পেশায় একজন ঠিকাদার। পড়াশোনা নবম শ্রেণি পর্যন্ত। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের নিট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ১২ কোটি ৬২ লাখ ২৭ হাজার ১৫৬ টাকা। তাঁর নিজের ৩ লাখ ও স্ত্রীর ১ লাখ নগদ টাকা রয়েছে। নিজের নামে ব্যাংকে জমা আছে ৭৪ লাখ ৭২ হাজার ৭১০ টাকা, স্ত্রীর নামে ১৭ লাখ ৭০ হাজার ৭৯১ টাকা ও কন্যার নামে ৬ লাখ ৪৪ হাজার ৬২০ টাকা মেয়াদি সঞ্চয় রয়েছে। অস্থাবর সম্পত্তির তালিকায় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল এবং স্ত্রীর ২৩ ভরি স্বর্ণালংকার রয়েছে। কৃষিজমি না থাকলেও অকৃষিজমি দেখানো হয়েছে ৮ শতাংশ। তবে এ তথ্য অসম্পূর্ণ। কারণ, হলফনামার ৫(খ) দফার ৪ নং ক্রমিকে চারতলা একটি বাড়ি (ছাত্র মেস), টিনশেড একটি বাড়ি (ছাত্র মেস), চিটাগুড় রাখার একটি ছাউনি, চারতলা একটি নিজের বসতবাড়ি, ঢাকার সেগুনবাগিচায় একটি অ্যাপার্টমেন্ট, নাভানা রিয়েল এস্টেট লিমিটেডে ছয়টি বাণিজ্যিক স্পেসসহ একটি অ্যাপার্টমেন্ট থাকার কথা উল্লেখ রয়েছে। এসব বাড়ি যেসব জমির ওপর অবস্থিত, তার হিসাব হলফনামায় উল্লেখ করা হয়নি।
হলফনামায় মামুন ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৪০ টাকা এবং বাড়িভাড়া থেকে ২ লাখ ৩৩ হাজার ২৩০ টাকা। এ ছাড়া মেয়র হিসেবে সম্মানী ভাতা পান বছরে ২ লাখ ৪০ হাজার টাকা। তবে তিনি ব্যাংকে রাখা বিপুল অঙ্কের টাকা থেকে অর্জিত মুনাফার বিবরণ হলফনামায় উল্লেখ করেননি। তিনি সরকারকে এ বছর রাজস্ব দিয়েছেন ৭৮ লাখ ৯৩ হাজার ৮০৮ টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাঁর দায়-দেনা রয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার ৯৫১ টাকা।
উমা চৌধুরী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হলেও হলফনামায় নিজের পরিচয় দিয়েছেন একজন গৃহিণী হিসেবে। তিনি এইচএসসি পাস। বর্তমানে তাঁর নিট সম্পদের পরিমাণ ১ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৯০১ টাকা। তাঁর নগদ টাকা রয়েছে ৬৩ লাখ। বৈদেশিক মুদ্রা রয়েছে ৬০ হাজার টাকা সমমানের। সঞ্চয়পত্র রয়েছে ৪৯ লাখ টাকার। এ ছাড়া আছে ২০ ভরি স্বর্ণালংকারসহ একটি প্রাইভেট কার।
হলফনামায় উমা চৌধুরী নিজের বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ ৬৭ হাজার ৭৩৩ টাকা। এর মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা বাবদ আসে ৯ লাখ ২ হাজার ৭৩৩ টাকা। তিনি সরকারকে এ বছর রাজস্ব দিয়েছেন ৪৫ হাজার ৮৭৫ টাকা। হলফনামায় তিনি ৮ বিঘা ৭ শতাংশ কৃষিজমির উল্লেখ করলেও কোনো অকৃষিজমির তথ্য দেননি। এ ছাড়া নিজের নামে একটি ফ্ল্যাটবাড়ি আছে বলে উল্লেখ করেছেন তিনি।
অকৃষিজমির বিষয়টি হলফনামায় উল্লেখ না করার ব্যাপারে উমা চৌধুরী প্রথম আলোকে বলেন, জমির কথা না থাকলেও ওই জমির ওপর বাড়ির কথা উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, ‘এই নির্বাচন আমার ও আমার পরিবারের কাছে মর্যাদার লড়াই। আমার পরিবারের প্রতি নাটোরবাসীর পূর্ণ আস্থা ছিল, এখনো আছে। আশা করি তাঁরা আমার মর্যাদার প্রতি খেয়াল রাখবেন।’
শেখ এমদাদুল হক আল মামুনের জন্যও এটা মর্যাদার লড়াই। ক্ষমতা হাতছাড়া হোক—এটা তিনি মানতে নারাজ। তাঁর ফলাফলের সঙ্গে জড়িয়ে আছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নাটোরের রাজনীতি। তবে তাঁকে গত পাঁচ বছরের নানা ব্যর্থতা মোকাবিলা করতে হবে। আশানুরূপ সেবা না পাওয়ার নাগরিক ক্ষোভ তাঁকে বিব্রত করতে পারে।
শেখ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘গত পাঁচ বছরে আমি নাটোর পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। তবে দেড় শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নাটোর পৌরসভার সব সমস্যা মাত্র পাঁচ বছরে সমাধান করা সম্ভব না। অবশিষ্ট কাজ করার জন্য নাটোরের ভোটাররা আমাকে আবার সুযোগ দেবেন বলে আমি মনে করি।’