নাটোরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলার যুক্তিতর্ক শুরু
১১ বছর পর গতকাল বুধবার থেকে নাটোরের ধারাবাহিক (সিরিজ) বোমা বিস্ফোরণ মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। আসামিপক্ষ যুক্তিতর্ক শেষ করেছে।
সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আগামী ৭ মার্চ সরকারপক্ষকে অতিরিক্ত যুক্তি উপস্থাপনের জন্য সময় মঞ্জুর করেন।
নাটোরের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক প্রবীর কুমার রায়ের আদালতে এই যুক্তিতর্ক হয়।
আসামিপক্ষে সৈয়দ মোজাম্মেল হোসেন আদালতে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আসামিদের মধ্যে তিনজনকে একই দিন একই সময়ের পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার ধারাবাহিক বোমা হামলার মামলায় ইতিমধ্যে দণ্ড দেওয়া হয়েছে। তাহলে একই ব্যক্তি কীভাবে একই সময় অপরাধ সংঘটিত করল তা ভেবে দেখার জন্য আদালতের কাছে আরজি পেশ করেন।
শুনানির সময় বিভিন্ন কারাগার থেকে আসামি হাফিজুল ইসলাম, দেলোয়ার হোসেন, শিহাব উদ্দিন, আবদুল মতিন ওরফে ইসমাইল, শহীউল্লাহ্ ওরফে ফারুক, শফিউল্লাহ্ ওরফে তারিক ও আবদুর রশিদকে আদালতে হাজির করা হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরে জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রেজারি, বাসস্ট্যান্ড, পেট্রলপাম্পসহ আটটি স্থানে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।