নাটোরে নির্বাচনী বিরোধে দুই ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি গ্রামে ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য ও তাঁর ভাইকে গতকাল শুক্রবার ভোরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুই ভাই হলেন মোজাফফর হোসেন (৪০) ও হাছেন আলী (৫০)। এ সময় তাঁদের অপর এক ভাইও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। গত নির্বাচনে বিজয়ী প্রতিপ​ক্ষ এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে দুর্বৃত্তদের হামলায় আহত এক কলেজছাত্র গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার নাম ফারহান ইসরাক (১৯)।

নাটোরে নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যরা বলেন, গতকাল ভোররাত তিনটার দিকে দুর্বৃত্তরা ডাহিয়া ইউনিয়নের বরবাড়ি গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোজাফফর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর অপর ভাই হাছেন আলীর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয়। ধারালো অস্ত্রের আঘাতে অপর ভাই মহসিন আলীর ডান হাতের চারটি আঙুলও কেটে যায়। এ সময় আতঙ্কিত গ্রামবাসী আহতদের উদ্ধারে এগিয়ে আসেনি। ঘটনার কিছুক্ষণ পর গ্রামের এক বাড়ির বারান্দায় মোজাফফর হোসেনের মৃতদেহ পাওয়া যায়। তাঁর মাথায়, কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সকালে আহত তিনজনকে সিংড়া হাসপাতালে নেওয়ার পথে হাছেন আলীর মারা যান। খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ সকাল আটটার দিকে এসে লাশ উদ্ধার করে। আহত মহসিন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, নিহত মোজাফফর হোসেন এর আগে ডাহিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গত নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই চাচাতো ভাই ইউনুছ আলী। নির্বাচনে ইউনুছ বিজয়ী হন। কিন্তু মোজাফফর ভোট কারসাজির অভিযোগ তুললে দুপক্ষের মধ্যে বিরোধ বাধে। এরই জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওসি আরও জানান, অভিযুক্ত ইউনুছ আলী ঘটনার পর থেকে পলাতক।

নিহত মোজাফফর হোসেনের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ভোররাতের দিকে ইউনুছ আলী বাড়িতে এসে তাঁর স্বামীকে ডাকতে থাকেন। তাঁর স্বামী দরজা খোলার সঙ্গে সঙ্গে মুখে গামছা বাঁধা সাত-আটজন তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, ‘আমার চাচাতো দেবর ইউনুছ আলী গত নির্বাচনে আমার স্বামীকে ভোটে দাঁড়াতে নিষেধ করেছিল। তিনি তা শোনেননি। এটাই আমার স্বামীর অপরাধ।’

২ নম্বর ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এম আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষ একই পরিবারের লোকজন। তবে গতকাল ভোরে কারা মোজাফফর আলী ও তাঁর ভাইকে হত্যা করল তা তিনি জানেন না।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফারহান ছিল রাজশাহীরঅগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম মোস্তফা কামাল। এ ঘটনায় পুলিশ জাহিদ হাসান (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত ফারহানের চাচা সেলিম আক্তার বলেন, গত ২৮ জুলাই কলেজে যাওয়ার পথে ফারহানকে ১০-১২ জন যুবক পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।  আইসিইউতে গত বৃহস্পতিবার রাত আড়াইটায় সে মারা যায়। আইসিইউয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ছেলেটির মাথায় গুরুতর জখম থাকায় তাকে বাঁচানো যায়নি।

নগরের মতিহার থানার উপপরিদর্শক তাজ উদ্দিন বলেন, হামলার ঘটনায় ফারহানের বাবা থানায় মামলা করেছেন। তিনি আরও বলেন, প্রেমকেন্দ্রিক জটিলতার জের ধরে এ হামলা ঘটে থাকতে পারে। গত বৃহস্পতিবার দিবাগত রাতেই নগরের ধরমপুর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।