নাটোরে নির্মাণাধীন সেতু ধসে তিন শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার ৫ নম্বর হরিশপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় নির্মাণাধীন একটি সেতু ধসে তিন শ্রমিক আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো
নাটোর সদর উপজেলার ৫ নম্বর হরিশপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় নির্মাণাধীন একটি সেতু ধসে তিন শ্রমিক আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো

নাটোর সদর উপজেলার ৫ নম্বর হরিশপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় নির্মাণাধীন একটি সেতু ধসে তিন শ্রমিক আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলার ৫ নম্বর হরিশপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকার বাঘাপুকুর খালের ওপর সেতুটির নির্মাণকাজ শুরু হয় গত ১৫ জানুয়ারি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ২৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হচ্ছে। ৩৬ ফুট দীর্ঘ সেতুটির নির্মাণের দায়িত্বে রয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল এন্টারপ্রাইজ।
স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার সকাল থেকে সেতুর ঢালাইকাজ চলছিল। সন্ধ্যার দিকে হঠাৎ করে সেতুর কিছু অংশ ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়। ঘটনার পর ঠিকাদারের লোকজন আহত ব্যক্তিদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। নির্মাণকাজ তদারকিতে থাকা সদর উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবু সাঈদ ও ঠিকাদার সাইফুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তাঁদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ শ্রমিকদের দুই সর্দারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, সেতু ভেঙে পড়ার পেছনে কারও দায়িত্ব অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দায়িত্বরত প্রকৌশলী ও ঠিকাদার এখনো যোগাযোগ করেননি। তাঁরা তাঁদের দায়িত্ব এড়াতে পারেন না।
ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম ও তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে দরপত্র আহ্বান করে সেতুটি নির্মাণ করা হবে।