নাটোরে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি ইঞ্জিনচালিত খেয়া নৌকা ডুবে গেছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাঁতরে অনেকেই তীরে উঠে আসতে সক্ষম হলেও ছয় যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার চক বাদকয়া গ্রামের রহমান শেখের ছেলে চাঁদের আলী (৫৫), লাল চাঁদের ছেলে জামাল উদ্দিন (৪৮), মহরকয়া গ্রামের মোহাম্মাদ তালুকদারের ছেলে ভাসান আলী (৩০), মসলেমের ছেলে আরজেদ (৪৩), নাজিমুদ্দিনের ছেলে জামরুল (২৫) ও বেলাল হোসেন (৪৫)।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নাটোর ও রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে বিকেল চারটা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ওই নৌকার এক যাত্রী লালপুরের মহরকয়া গ্রামের বাবর মালিথা জানান, তিনিসহ প্রায় শতাধিক যাত্রী সকাল সাতটার দিকে বিলমাড়িয়া ঘাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত খেয়ানৌকা নিয়ে পদ্মার ওপারে যাচ্ছিলেন। নৌকাটি ঘাট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায়। এ সময় তিনিসহ অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার ছয় যাত্রী নিখোঁজ রয়েছেন।

ওই নৌকার অপর এক যাত্রী সাইফুল ইসলাম জানান, নৌকার অধিকাংশ যাত্রী নদীর ওপারে পলাশীর চরে কৃষিকাজ করতে ও মাছ ধরতে যাচ্ছিলেন। মহরকয়া গ্রামের ইউছুফ আলীর মালিকানাধীন এই নৌকাটির ধারণক্ষমতা ৫০ থেকে ৬০ জন হলেও দুর্ঘটনার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ডুবে যায় বলে তিনি দাবি করেন।

নৌকাডুবির খবর পেয়ে লালপুরের উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনাস্থলে যান। উদ্ধার অভিযানে লালপুর ও রাজশাহী ফায়ার সার্ভিসের ১৬ জন কর্মী অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম ছয়জনের নিখোঁজের কথা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোর তৎপরতা চলছে। নদীতে পানি বেশি থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।