নাটোরে পরাগায়ন-সংকটে পেঁয়াজবীজের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে এবার পরাগায়ন-সংকটে ৭৪ হেক্টর জমিতে পেঁয়াজবীজ উৎপাদন ব্যাহত হচ্ছে। সংকট মোকাবিলায় চাষিরা অন্য জেলা থেকে মৌমাছি ভাড়া করে এনে পেঁয়াজখেতে রাখার মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করছেন।
কৃষকেরা জানান, নলডাঙ্গা, নাটোর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর ও সিংড়া উপজেলায় এবার মোট ৭৪ হেক্টর জমিতে পেঁয়াজবীজ উৎপাদন করা হচ্ছে। নলডাঙ্গা উপজেলার হালতি বিলের মাঠে গিয়ে দেখা যায়, অসংখ্য সবুজ ডগার মাথায় পেঁয়াজের সাদা মঞ্জরি শোভা পাচ্ছে। আকৃতি অনেকটা কদম ফুলের মতো। এ ফুলের রং সাদা। তবে ফুলের পরাগায়নের অন্যতম মাধ্যম মৌমাছি খেতে দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি, এই অবস্থা চলতে থাকলে পেঁয়াজবীজের উৎপাদন কম হবে। কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
নলডাঙ্গার মাধবপুর মাঠের চাষি শহিদুল ইসলাম জানান, তিনি এবার এক বিঘা জমিতে পেঁয়াজবীজ উৎপাদন করছেন। বীজ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘খেতে মৌমাছি আসেনি। এমনকি পাখিও বসছে না। এই অবস্থায় ফুল শুকিয়ে যাচ্ছে। আমাকে লক্ষাধিক টাকা লোকসান গুনতে হবে।’ একই গ্রামের চাষি সাহাদৎ হোসেন বলেন, ‘বীজ উৎপাদন নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। কারণ, শুধু নলডাঙ্গা উপজেলায় প্রায় ১২ কোটি টাকার বীজ উৎপাদিত হয়। পরাগায়ন ব্যাহত হলে আমরা সর্বস্বান্ত হয়ে যাব।’
বাঁশিলা গ্রামের চাষি আমানুল্লাহ দেওয়ান জানান, পরাগায়ন-সংকট মোকাবিলার জন্য তিনি পাবনার দাশুড়িয়া এলাকা থেকে মৌমাছি ভাড়া করে এনে পেঁয়াজের খেতে রেখেছেন। তাঁর মতো অনেকেই এ ব্যাপারে আগ্রহী হয়েছেন। কিন্তু মৌচাষিরা এ সুযোগে ভাড়া দ্বিগুণ করেছেন। ফলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এবার শুধু নলডাঙ্গা উপজেলায় ৬০ হেক্টর জমিতে পেঁয়াজবীজের চাষ হচ্ছে। মৌমাছি-সংকটে পরাগায়ন ব্যাহত হওয়ার আশঙ্কায় চাষিরা তাঁদের সঙ্গে পরামর্শ করে মৌমাছি ভাড়া করছেন। তবে চাহিদামতো মৌমাছির সরবরাহ পাওয়া যাচ্ছে না।
নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উদ্দিন আহমেদ জানান, এখন আম ও লিচুগাছে মুকুল থাকায় অধিকাংশ মৌমাছি সেখানে চলে গেছে। এ ছাড়া জমিতে অতিরিক্ত ক্ষতিকর কীটনাশক ব্যবহার ও মধু সংগ্রহকারীদের উৎপাতে দিন দিন মৌমাছি বিলুপ্ত হতে বসেছে। বর্তমান পরিস্থিতিতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মৌচাষির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ছোট পরিসরে তাঁরা মৌমাছি সরবরাহে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি বলেন, পরাগায়নের জন্য মৌমাছি অন্যতম মাধ্যম হলেও মৌমাছি ছাড়াও পাখির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। তাই এটা নিয়ে কৃষকদের দুশ্চিন্তা করার দরকার নেই। এতে উৎপাদন ঘাটতি হবে না।