নাটোরে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার একই গ্রামে একই দিনে আয়োজিত দুটি বাল্যবিবাহ অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিবাহের আয়োজন করায় একটি মেয়ের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করেছেন আদালত। তবে অন্য মেয়েটির অভিভাবকেরা পালিয়ে গিয়ে রক্ষা পান।
সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান গত বৃহস্পতিবার রাতে ওই মুচলেকা আদায় করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার একই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া দুই ছাত্রীর বিয়ের দিন ধার্য করা হয়। গতকাল শুক্রবার ছিল তাদের বিয়ে। এ উপলক্ষে মেয়ে দুটির বাড়িতে বৃহস্পতিবার রাতে প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও নায়িরুজ্জামান পুলিশ পাঠিয়ে অভিভাবকদের নিজ কার্যালয়ে ডাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মেয়ের অভিভাবকেরা পালিয়ে যান। তবে অপর মেয়েটির অভিভাবকেরা আদালতে এসে মুচলেকা দেন।
ইউএনও নায়িরুজ্জামান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, যে মেয়েটির অভিভাবকেরা পালিয়ে গিয়েছিলেন, সে মেয়েটিরও গতকাল বিয়ে হয়নি। দুটি বাল্যবিবাহই বন্ধ করা সম্ভব হয়েছে।