নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল বুধবার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নাটোর-ঢাকা মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই গরু ব্যবসায়ী। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচিলা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল পৌনে ১০টার ঢাকাগামী রোকেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি যানেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে টাঙ্গাইলের ভুয়াপুরের হেলাল উদ্দিন (৬০) ও দোলন হোসেন (২৮) নিহত হন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর। গুরুতর আহত হন একই এলাকার আল আমিন (৩০), ফরহাদ হোসেন (৩৬), আবদুল মতিন (৪৪) ও জয়নাল আবেদিন (৩৯)। হতাহত ব্যক্তিরা সবাই ট্রাকের আরোহী ছিলেন। সবাই গরু ব্যবসায়ী। রাজশাহীতে গরু কিনতে যাচ্ছিলেন তাঁরা।
আহত হেলাল উদ্দিন বলেন, অল্প দূরত্ব রেখে দুটি ট্রাক চলছিল। পেছনের ট্রাকটি অন্য ট্রাকটিকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও বড়াইগ্রাম থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক আরেকটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
এদিকে, গতকাল বেলা তিনটার দিকে সিরাজগঞ্জের পাচিলা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী মো. শাহিন (৪০) ও ছেলে রাজু আহমেদ (৭) আহত হয়। তাঁদের বাড়ি উল্লাপাড়া উপজেলার নলকা ইউনিয়নের কায়েম গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের পাচিলা বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে সপরিবারে মো. শাহিন বাড়ি যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে তাঁরা ছিটকে পড়েন। ঘটনাস্থলে শাহিদা খাতুন মারা যান। পরে ট্রাকটি আটক করা হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।