নাটোরে মাদ্রাসার শিক্ষক বগুড়ায় ছাত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদরে এক মাদ্রাসাশিক্ষক ও বগুড়ার শেরপুর উপজেলায় এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ তাঁরা হলেন নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান (৩২) ও বগুড়ার মজিবুর রহমান মহিলা কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ববিতা সরকার (২০)৷
নাটোর সদর থানার পুলিশ জানায়, সাইদুর বড়াইগ্রাম উপজেলার নতুন রাজাকার মোড় এলাকার হাশেম উদ্দিনের ছেলে৷ তিনি ছয় বছর ধরে ডাঙ্গাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় থেকে হাফেজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন৷ শনিবার এশার নামাজ পড়ার পর থেকে সাইদুর রহমান নিখোঁজ হন৷ তখন থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়৷ মাদ্রাসার শিক্ষার্থীরা রাতে অনেক খুঁজেও তাঁকে পায়নি৷
এ ব্যাপারে গতকাল রোববার সকালে সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ বেলা আড়াইটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে ওই শিক্ষকের লাশ ভেসে ওঠে৷ লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে৷
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কে বা কারা কেন তাঁকে হত্যা করেছে, তা আপাতত বলা যাচ্ছে না৷ তবে মাদ্রাসার পাশের একটি বাড়ির কাউকেই পাওয়া যাচ্ছে না৷ ওই বাড়ির লোকজন এর সঙ্গে জড়িত থাকতে পারে৷
শেরপুরে নিহত ববিতা সরকার (২০) উপজেলার পানিসারা গ্রামের মনীন্দ্র সরকারের মেয়ে৷ স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনীন্দ্র সরকারের সঙ্গে তাঁর বড় ভাই বিশ্বনাথ সরকারের পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল৷ গতকাল বেলা আড়াইটার দিকে বাড়ির গাছের আম পাড়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়৷ বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিশ্বনাথ ও তাঁর ছেলেরা মনীন্দ্রকে মারধর করতে থাকেন৷ এ সময় ববিতা বাধা দিতে গেলে তাঁর মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করা হয়৷ স্থানীয় লোকজন তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ বিকেলে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সেখানেই সন্ধ্যা ছয়টায় তাঁর মৃত্যু হয়৷
শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম আম্বিয়া বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ববিতার মাথার সামনের অংশ ফেটে গভীর গর্ত হয় ও অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে৷
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, বিশ্বনাথ সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে৷ তাঁদের ছেলেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷